রেস্তোরাঁয় চড়–কাণ্ড, সোহমের বিরুদ্ধে মামলা আবেদন
টলিপাড়ার জনপ্রিয় নায়ক সোহম চক্রবর্তী। অভিনয় ও রাজনীতির মাঠেও সমান দক্ষতার পরিচয় দিয়েছেন চণ্ডীপুরের তৃণমূলের বিধায়ক এই তারকা নেতা। তবে এবার শুটিং করতে গিয়ে বিবাদে জড়িয়ে খবরের শিরোনামে তিনি। নতুন খবর, এই ঘটনায় অভিনেতার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
ঘটনার সূত্রপাত গত শুক্রবার। এ দিন কলকাতার নিউ টাউনের একটি রেস্তোরাঁয় সোহমের একটি ছবির শুটিং ছিল। সোহম তাঁর দলবল ও কলাকুশলী নিয়ে শুক্রবার হাজির হন ওই রেস্তোরাঁয়। কিন্তু গোল বাধে সোহম চক্রবর্তীর গাড়ি পার্কিং নিয়ে।
সোহম যেখানে গাড়িটি পার্ক করেন, সেখানে আপত্তি তোলেন রেস্তোরাঁর নিরাপত্তারক্ষীরা। একপর্যায়ে বিষয়টি নিয়ে রেস্তোরাঁর মালিক আনিসুলের সঙ্গে সোহমের বাগ্বিতণ্ডা শুরু হয়, যা পরে ধাক্কাধাক্কিতে গড়ায়। একপর্যায়ে আনিসুল সোহমের হাতে লাঞ্ছিত হন।
এই ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গে তুমুল বিতর্ক শুরু হলে সোহম উল্টো অভিযোগ করেন, রেস্তোরাঁর মালিক আনিসুল তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অপমানজনক কথা বলেছেন। এতেই তিনি ক্ষুব্ধ হয়ে গায়ে হাত তুলেছিলেন।
পরে অবশ্য এই ঘটনার জন্য সোহম দুঃখপ্রকাশ করলেও তাতে মন গলেনি রেস্তোরাঁর মালিকের। তিনি দুটি সিসিটিভির ফুটেজ প্রকাশ্যে আনেন। তাতে সোহমকে প্রকাশ্যে মারপিট করতে দেখা গেছে। ঘটনার পরই সোহম ও আনিসুল পরস্পরের বিরুদ্ধে নিউ টাউন থাকায় অভিযোগ করেন।
এই ঘটনার পর আনিসুল দাবি করেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এরপরেই কলকাতা হাইকোর্টে জীবনের নিরাপত্তা ও নিরপেক্ষ তদন্তের দাবিতে আবেদন করেন তিনি। আজ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সেই আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন। শিগগিরই সেই আবেদনের শুনানি হতে পারে।