৫৫ বছর পর কানে ‘অরণ্যের দিনরাত্রি’

সিনেমার প্রদর্শনী উপলক্ষে কানে হাজির ছিলেন ‘অরণ্যের দিনরাত্রি’র দুই অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও সিমি গাড়োয়াল। দ্য ফিল্ম ফাউন্ডেশনের ফেসবুক থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ‘অরণ্যের দিনরাত্রি’ অবলম্বনে একই নামে সিনেমা বানিয়েছিলেন সত্যজিৎ রায়। ১৯৭০ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বার্লিন উৎসবে স্বর্ণভালুকের জন্য লড়েছিল। সিনেমাটির ফোর-কে সংস্করণ এবার প্রদর্শিত হলো কান চলচ্চিত্র উৎসবে। সিনেমার প্রদর্শনী উপলক্ষে কানে হাজির ছিলেন ‘অরণ্যের দিনরাত্রি’র দুই অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও সিমি গাড়োয়াল। খবর ফিল্মফেয়ারের

১৯৭০ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। মুক্তির ৫৫ বছর পর এটিকে আবার ঝকঝকে করে তোলা হয়েছে।

‘অরণ্যের দিনরাত্রি’র কান পোস্টার। কান উৎসবের ফেসবুক পেজ থেকে

কান উৎসবের ক্ল্যাসিকস বিভাগে ১৯ মে পুনরুদ্ধার করা সেই সংস্করণ দর্শক উপভোগ করলেন প্রথমবারের মতো। ছবির নতুন সংস্করণটি তৈরি করেছে দ্য ফিল্ম ফাউন্ডেশনের ওয়ার্ল্ড সিনেমা প্রজেক্ট।

প্রদর্শনীর দিন শর্মিমলা পরেছিলেন গাঢ় সবুজ শাড়ি। তাঁর সঙ্গে ছিলেন মেয়ে সাবা পাতৌদি, যিনি পরেছিলেন ঝলমলে হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাক।

কানে শর্মিলা ঠাকুর, ওয়েস অ্যান্ডারসন ও সাবা পাতৌদি। সাবার ইনস্টাগ্রাম থেকে

সিমি গাড়োয়াল হাজির হন শুভ্র সাদা গাউনে। লালগালিচায় দুজনকে সাদর স্বাগত জানান সত্যজিৎ রায়ের বড় ভক্ত মার্কিন নির্মাতা ওয়েস অ্যান্ডারসন। বুনুয়েল থিয়েটারে প্রদর্শনীর পর দুই মিনিট দর্শকের স্ট্যান্ডিং ওবেশন পায় সিনেমাটি।

‘অরণ্যের দিনরাত্রি’র প্রদর্শনী উপলক্ষে চলচ্চিত্রবিষয়ক মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে ওয়েস অ্যান্ডারসন বলেন, সত্যজিৎ রায়ের যেকোনো কিছুকে সযত্ন সংরক্ষণ করা উচিত। তবে প্রায় ভুলতে বসা ‘অরণ্যের দিনরাত্রি’ যেন এক বিশেষ রত্ন।

আরও পড়ুন

শর্মিলা ও সিমির সঙ্গে তারকাবহুল এ সিনেমায় আরও অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, রবি ঘোষ, শুভেন্দু চট্টোপাধ্যায়, পাহাড়ি সান্যাল প্রমুখ।