পাঁচ বছর পর আবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়া আহসান ও সৃজিত মুখার্জি। ছবি: ফেসবুক থেকে

গত ২ জুন কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পায় জয়া আহসান অভিনীত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। ২ দিন আগে এই অভিনেত্রীর ফেসবুক পোস্ট থেকে জানা যায়, মুক্তির এক মাস পেরিয়েও এখনো ছবিটি প্রেক্ষাগৃহে হাউসফুল যাচ্ছে। এরই মধ্যে জয়ার ভক্তদের জন্য আরেকটি নতুন খবর এল।

আরও পড়ুন

জানা গেল, কলকাতার আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া, যেটির পরিচালক সৃজিত মুখার্জি। কলকাতার সংবাদমাধ্যমে সৃজিত মুখার্জি এমনটাই জানিয়েছেন।

পাঁচ বছর আগে সৃজিত মুখার্জির ‘এক যে ছিল রাজা’ ছবিতে অভিনয় করেছিলেন জয়া আহসান।

জয়া আহসান
ফেসবুক

এরপর ১০টির বেশি ছবি নির্মাণ করেছেন সৃজিত, অন্যদিকে জয়াও কলকাতার বিভিন্ন নির্মাতার পরিচালনায় প্রায় ডজনখানেক ছবিতে অভিনয় করেছেন। কিন্তু সৃজিত ও জয়াকে একসঙ্গে পাওয়া যায়নি! অবশেষে সৃজিতের নতুন ছবি ‘দশম অবতার’–এ চূড়ান্ত হলেন জয়া।

জয়ার চরিত্রটি শুরুতে শুভশ্রী গাঙ্গুলীর করার কথা ছিল। সবকিছু চূড়ান্তও হয়েছিল। কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ায় ছবি থেকে সরে দাঁড়ান শুভশ্রী। এরপর জয়া আহসানের সঙ্গে কথা বলে সবকিছু চূড়ান্ত হয়। জয়াকে এই ছবিতে নির্বাচন করার ব্যাপারে একাধিক কারণের কথা জানিয়েছেন সৃজিত।

জয়া আহসান
ফেসবুক থেকে

আনন্দবাজারকে তিনি বলেছেন, ‘প্রথমত, শুটিংয়ে সময় দিতে পারছেন জয়া। ডেট অ্যাভেইলেবল আছে। দ্বিতীয়ত, অভিনয়ের দক্ষতা। তৃতীয়ত, শেষ বছরের পারফরম্যান্স। আমরা যদি তাঁর ক্যারিয়ারগ্রাফ দেখি, “রবিবার” হোক বা “বিনিসুতোয়” বা “অর্ধাঙ্গিনী”, তাঁর কাজ অসম্ভব প্রশংসিত হয়েছে। চতুর্থত, অতীতে সফল কোল্যাবোরেশনের ইতিহাস আছে। “রাজকাহিনি হোক এবং “এক যে ছিল রাজা”। এসব বিচার করেই জয়াকে বেছে নেওয়া।’

জয়া আহসান ছাড়া এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত আছেন বলে শোনা যাচ্ছে! নির্মাতার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজারসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই গুণী চার অভিনেতার সঙ্গে কথাবার্তাও চূড়ান্ত হয়ে গেছে। খুব শিগগির ছবিটির শুটিং শুরু হবে।