রাজের সঙ্গে চার বছরের সম্পর্ক ভাঙার পর কী বলেছিলেন মিমি

মিমি চক্রবর্তী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল নতুন কিছু নয়। বিশেষ করে যাঁরা দীর্ঘদিন ধরে নিজেদের ব্যক্তিজীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন, তাঁদের জীবনের নতুন কোনো খবর সামনে এলে আলোচনা আরও বাড়ে। টালিউড অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তীকে ঘিরে এখন তেমনই আলোচনা।

বিয়ের খবর, কলকাতায় আয়োজন, পাহাড়ি শহর কালিম্পংয়ে বিশেষ অনুষ্ঠান—সব মিলিয়ে মিমির ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। তবে এই বিয়ের খবরের পাশাপাশি আলোচনায় ফিরে এসেছে তাঁর অতীতের প্রেমের গুঞ্জনও। একসময় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে মিমির সম্পর্ক নিয়ে টালিউডে কম চর্চা হয়নি। পরবর্তী সময়েও বিভিন্ন ব্যক্তির সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। যদিও এসব সম্পর্কের অনেক কিছুই ছিল সংবাদমাধ্যমের জল্পনা, মিমির কাছ থেকে সেসব বিষয়ে স্পষ্ট স্বীকারোক্তি মেলেনি। বিয়ের আলোচনার মধ্যে ফিরে দেখা যাক মিমিকে নিয়ে সম্পর্কের গুঞ্জন।

মিমি চক্রবর্তী। অভিনেত্রীর ফেসবুক থেকে

রাজ চক্রবর্তীর সঙ্গে চার বছরের প্রেম, বিয়ের কথাও হয়েছিল
মিমির প্রেমের জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক। ২০১৬ সালে তাঁদের বিচ্ছেদের খবর সামনে এলে টালিউডে বেশ আলোড়ন তৈরি হয়েছিল। কারণ, সম্পর্কটি ছিল প্রায় চার বছরের। শুধু প্রেম নয়, একসময় বিয়ের কথাও হয়েছিল দুজনের মধ্যে।

বিচ্ছেদের পর ২০১৬ সালের নভেম্বরে আনন্দবাজার পত্রিকার এক সাক্ষাৎকারে মিমি প্রথমবারের মতো খোলামেলা কথা বলেন সম্পর্কটি নিয়ে। সাক্ষাৎকারে তিনি জানান, রাজের সঙ্গে তাঁর চার বছরের সম্পর্ক ছিল এবং সেই সম্পর্ককে তিনি সম্মান করেন। সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রকাশ্যে কথা বলতে তিনি কখনোই স্বচ্ছন্দ ছিলেন না।
সাক্ষাৎকারের একপর্যায়ে তাঁকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল, রাজের সঙ্গে কখনো বিয়ে নিয়ে কথা হয়েছিল কি না। দীর্ঘক্ষণ চুপ থাকার পর মিমি উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, বিয়ে নিয়ে কথা হয়েছিল।

মিমি চক্রবর্তী। অভিনেত্রীর ফেসবুক থেকে

রাজের সঙ্গে বিচ্ছেদের পর শুভশ্রী গাঙ্গুলীর সঙ্গে পরিচালকের সম্পর্ক নিয়েও আলোচনা শুরু হয়। এ বিষয়ে মিমিকে প্রশ্ন করা হলে তিনি দুজনের মঙ্গল কামনা করেছিলেন। তবে অতীতের সম্পর্ক নিয়ে তিক্ততা প্রকাশের বদলে সময়ের সঙ্গে নিজের জীবন ও কাজের দিকে মনোযোগী হন তিনি।

বিয়ে নিয়ে একসময় আগ্রহই ছিল না
রাজের সঙ্গে সম্পর্ক ভাঙার পর মিমির ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময়ে নানা গুঞ্জন শোনা গেছে। কখনো সহকর্মী, কখনো চলচ্চিত্রজগতের বাইরের কারও সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। কিন্তু এসব নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলেননি অভিনেত্রী। সম্পর্কের গুঞ্জন আর বাস্তবের মধ্যে পার্থক্য রেখেছেন বরাবরই।

২০২০ সালে টেলিগ্রাফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে নিজের অবস্থান বেশ স্পষ্ট করেছিলেন মিমি। তখন বলেছিলেন, বিয়ে তাঁর কাছে জীবনের অপরিহার্য কোনো বিষয় নয়। তাঁর ভাষায়, ‘আমার জীবনে বিয়ে কী যোগ করবে? আমি বিয়ের পরিকল্পনা করছি না।’
এমনকি নতুন করে কোনো সম্পর্কে জড়ানোর মতো মানসিক অবকাশও তখন তাঁর ছিল না বলে জানিয়েছিলেন। বলেছিলেন, জীবনে আর সেই ধরনের জটিলতার জায়গা রাখতে চান না।

মিমি চক্রবর্তী। অভিনেত্রীর ফেসবুক থেকে

কে সেই সিদ্ধার্থ দত্ত
মিমির সম্ভাব্য জীবনসঙ্গী হিসেবে আলোচনায় এসেছে সিদ্ধার্থ দত্তের নাম। তবে তিনি বিনোদনজগতের কেউ নন বলেই দাবি বিভিন্ন সংবাদমাধ্যমের। শুরুতে কয়েকটি প্রতিবেদনে তাঁকে ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা বলা হয়েছিল। পরে কোথাও কোথাও তাঁকে বাণিজ্যিক জাহাজের সঙ্গে যুক্ত মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দুর্গাপূজার সময় তাঁদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়। আবার কেউ কেউ দাবি করেছেন, দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে সম্পর্ক ছিল, যা এত দিন প্রকাশ্যে আসেনি। তবে এসব তথ্যের স্বাধীন ও আনুষ্ঠানিক নিশ্চয়তা মেলেনি।

আরও পড়ুন

কলকাতা থেকে কালিম্পং, দুই জায়গায় বিয়ের আয়োজন
মিমির বিয়ের আয়োজন নিয়েও নানা তথ্য সামনে এসেছে। সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, ২৫ ও ২৬ নভেম্বর কলকাতায় বিয়ের আনুষ্ঠানিকতা ও অন্যান্য মাঙ্গলিক আয়োজন হওয়ার কথা। এরপর ৩ থেকে ৫ ডিসেম্বর কালিম্পংয়ে চলবে তিন দিনের অনুষ্ঠান।

জলপাইগুড়ির পান্ডাপাড়ায় মিমির মামাবাড়িতেও চলছে প্রস্তুতি। পরিবারের সদস্যদের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আত্মীয়স্বজনের মধ্যে এ নিয়ে আনন্দের আবহ। মিমির মামা রাম চক্রবর্তীও আয়োজনের কথা জানিয়েছেন। তবে হবু বর সম্পর্কে বিস্তারিত বলতে চাননি।

বিয়ের আমন্ত্রণপত্র নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হচ্ছে। সবচেয়ে মজার বিষয়, কার্ডে বর-কনের পাশাপাশি জায়গা পেয়েছে মিমির তিন আদরের পোষ্য—চিকু জুনিয়র, ম্যাক্স ও জাদু। পোষ্যদের প্রতি মিমির ভালোবাসার কথা ভক্তদের অজানা নয়। তাই বিয়ের কার্ডে তাদের উপস্থিতি আলাদা করে নজর কেড়েছে।

মিমির রহস্যময় উত্তর, ‘সঠিক সময়ের অপেক্ষা করো’
বিয়ের খবর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখেও সরাসরি কিছু বলতে চাননি মিমি। হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, একটি অনুষ্ঠানে বিয়ের কার্ড নিয়ে প্রশ্ন করা হলে প্রথমে কিছুই জানেন না, এমন ভঙ্গি করেন তিনি। পরে বলেন, ‘আমি এমন একজন মানুষ, যে জীবনে কাউকে হতাশ করে না। আমি খুব মজার মানুষ। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো।’

বিয়ের খবর সম্পর্কে জানতে চাইলে ফিল্মবিটকে মিমি বলেছিলেন, ‘আমি নিশ্চিতও করছি না, আবার অস্বীকারও করছি না। সঠিক সময় এলে সবাই জানতে পারবেন।’