বিজেপি নেতার সহকারী খুন, ঋদ্ধি সেনের বার্তা

ঋদ্ধি সেন। অভিনেতার ফেসবুক থেকে

তৃণমূল কংগ্রেসের টানা শাসনের পতন, রাজ্য শাসনে প্রথমবারের মতো বিজেপির উত্থান—সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদল এখন পুরো ভারতে আলোচনার কেন্দ্রে। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যে পালাবদলের কড়া প্রভাব দেখা যাচ্ছে। আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে রাজ্যজুড়েই। এর মধ্যে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ গতকাল বুধবার রাতে খুন হয়েছেন। চন্দ্রনাথের বাড়ি পূর্ব মেদিনীপুরের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাড়ির কাছে। চন্দ্রনাথ বিজেপি নেতা শুভেন্দুর আপ্তসহায়ক হিসেবে তাঁর ছায়াসঙ্গী হিসেবে থাকতেন।

সে প্রসঙ্গ উল্লেখ করেই এবার সবাইকে সংযত হওয়ার আহ্বান জানালেন ভারতের জাতীয় পুরস্কার পাওয়া অভিনেতা ঋদ্ধি সেন। আজ দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে অভিনেতা লিখেছেন, ‘চন্দ্রনাথ রথের হত্যা ভয়াবহ। ক্ষমতার লড়াইয়ে সাধারণ মানুষের প্রাণ যায় বারবার। অকারণ! এই হত্যার বিচার হোক অবিলম্বে। এই সময়টা খুব কঠিন, বিপজ্জনক, রাজ্যের কাছে এখনো আইনি রাস্তায় হাঁটার উপায় আছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার রাজ্যে আইনশৃঙ্খলার বিসর্জন ঘটেছে বহু বছর আগেই। এখানে মানুষের অধিকারের সব নিয়ম লঙ্ঘন করে পার পেয়ে যাওয়া যায়। এখানে আমাদের প্রয়োগ করা শব্দগুলো কাজ করে গুলির মতো। তাই আপনাদের সবাইকে একজন সহনাগরিক হিসেবে আমার অনুরোধ, এই সময়ে আমাদের একটাই দায়িত্ব, হিংসা আর ঘৃণায় ভরা নিজেদের অভিব্যক্তির বহিঃপ্রকাশকে সংযত করা, দায়িত্বশীল হওয়া।’

আরও পড়ুন

ঋদ্ধির আরও বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় ঘৃণা উসকে দেওয়া কথা বুলেটের মতোই ভয়ংকর। পরিস্থিতির সুস্থতা বজায় রাখার দায়িত্ব আমাদের সবার। ঘৃণার বার্তা ছড়াতে দেখলে প্রতিবাদ করুন। ফেসবুকে আদালত বসানো থেকে নিজেদের বিরত রাখুন। আইন ব্যবস্থাকে, প্রশাসনকে নিজের কাজ করতে দিন। প্রতিবাদের ভাষা হিংসার বিরুদ্ধে হোক, হিংসার পক্ষে নয়।’
মন্তব্য ঘরে অভিনেতার সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন। অনেকে এমন সময়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পোস্ট করায় অভিনেতাকে ধন্যবাদ জানিয়েছেন।