‘ফেলুদা’ অভিনেতা বিপ্লব দাশগুপ্ত মারা গেছেন

বিপ্লব দাশগুপ্ত। ফেসবুক থেকে

পশ্চিমবঙ্গের অভিনেতা ও বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত মারা গেছেন। গত দেড় বছর ধরে অসুস্থ ছিলেন অভিনেতা। স্ত্রী রুমা দাশগুপ্ত জানান, গতকাল শুক্রবার দুপুরে বাড়িতেই শেষনিশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। প্রায় দুই দশকের বেশি সময় ধরে চলচ্চিত্রজগতের সঙ্গে যুক্ত অভিনেতা। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘শ্যাডোজ অব টাইম’ চলচ্চিত্রের মাধ্যমে তাঁর অভিনয়জীবনে পা রাখা।

‘ফেলুদা’, ‘বাইশে শ্রাবণ’, ‘গুমনামি’ ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেছেন বিপ্লব। ২০১৯ সালে তিনি ‘দেবতার গ্রাস’ ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরুদ্দিন শাহের মতো অভিনেতাদের সঙ্গেও কাজ করেছেন। ‘কুয়াশা যখন’, ‘রাগে অনুরাগে’, ‘সখী’, ‘নেতাজি’র মতো আরও একঝাঁক জনপ্রিয় বাংলা ধারাবাহিকে তাঁর অভিনয় মন ছুঁয়েছে দর্শকের।

আরও পড়ুন

যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর শেষ করার পরে সাহিত্য, নাট্যজগৎ ও চলচ্চিত্র দুনিয়ায় পা রাখেন বিপ্লব। তিনি ছিলেন অত্যন্ত সুদক্ষ আবৃত্তিকার। তবে চলচ্চিত্রজগতের সঙ্গে যুক্ত থাকলেও, স্কুলশিক্ষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু। পরবর্তী সময়ে ভয়েস-ওভার আর্টিস্ট এবং তারপরে বিজ্ঞাপনজগতেও দীর্ঘদিন কাজ করেছেন বিপ্লব। একটা সময়ে অভিনয়কেই তাঁর পেশা হিসেবে বেছে নিয়েছিলেন।

বিপ্লবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাঁর সহকর্মী ও ভক্তরা।

এই সময় অবলম্বনে

বিপ্লব দাশগুপ্ত। ফেসবুক থেকে