অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধবী মুখোপাধ্যায় তাঁর অভিনয়ের জন্য পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও

বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় অসুস্থ। আজ শুক্রবার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসার জন্য নেওয়া হয় দক্ষিণ কলকাতার আলিপুরের বেসরকারি হাসপাতাল উডল্যান্ডসে। সেখানে তাঁর চিকিৎসা শুরু হয়েছে। রক্তস্বল্পতা, রক্তে শর্করা বেড়ে যাওয়াসহ বার্ধক্যজনিত রোগে ভুগছেন তিনি। মাধবী মুখোপাধ্যায়ের বয়স এখন ৮০ বছর। ১৯৪২ সালের ১০ ফেব্রুয়ারি তাঁর জন্ম কলকাতায়।
মাধবী মুখোপাধ্যায়ের মেয়ে মিমি ভট্টাচার্য বলেছেন, করোনার সংক্রমণের সময়ে তিনি তাঁর মাকে যথাযথ চিকিৎসা করাতে পারেননি। এখন করোনার সংক্রমণ কমে আসায় এবং তিনি অসুস্থ হয়ে পড়ায় আজ তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করছেন এখন। মাধবী মুখোপাধ্যায়ের রয়েছেন দুই মেয়ে। তাঁর স্বামী নির্মল কুমারও ছিলেন একজন নামী অভিনেতা। বহু হিন্দি ও বাংলা ছবিতে অভিনয় করেছেন। এখন তাঁর বয়স ৯৩ বছর।

চারুলতা ছবির একটি দৃশ্যে সৌমিত্র ও মাধবী

মাধবী মুখোপাধ্যায় তাঁর অভিনয়ের জন্য পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তিনি অভিনয় করেছেন প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেনের মতো নামী পরিচালকের ছবিতে। অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের ‘মহানগর’, ‘চারুলতা’ ও ‘কাপুরুষ’–এ; ঋত্বিক ঘটকের ‘সুবর্ণলতা’, ‘মেঘে ঢাকা তারা’ ও ‘কোমল গান্ধার’–এ এবং মৃণাল সেনের ‘বাইশে শ্রাবণ’, ‘কলকাতা ৭১’ ছবিতেও। অভিনয় করেছেন মহানায়ক উত্তম কুমার ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গেও। তিনি সব মিলিয়ে ৭০টির বেশি বাংলা ছবিতে অভিনয় করেছেন।

৭০টির বেশি বাংলা ছবিতে অভিনয় করেছেন মাধবী মুখোপাধ্যায়

মাধবী মুখোপাধ্যায় অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘অঘটন’, ‘উত্তরলিপি’, ‘অনুরাগের ছোঁয়া’, ‘ভালোবাসা ভালোবাসা’, ‘হিংটিং ছট’, ‘মায়ের আদর’, ‘পৃথিবীর শেষ স্টেশন’, ‘উৎসব’, ‘মন মানে না’, ‘দান প্রতিদান’, ‘অন্তরের ভালোবাসা’, ‘অগ্নি তৃষ্ণা’, ‘কড়ি দিয়ে কিনলাম’, ‘বিন্দুর ছেলে’, ‘জীবন রহস্য’, ‘ছদ্মবেশী’, ‘সুবর্ণরেখা’, ‘থানা থেকে আসছি’, ‘মহানগর’, ‘সমাপ্তি’, ‘চোখ’, ‘মাটির স্বর্গ’, ‘বাঞ্ছারামের বাগান’, ‘গণ দেবতা’, ‘ফুল শয্যা’, ‘নতুন স্বর্গ’, ‘অগ্নিস্বর’, ‘স্ত্রীর পত্র’ ও ‘অঘটন আজও ঘটে’।