একই ছবিতে স্বর্ণযুগের তিন নায়িকা

ভারতের বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের তিন নায়িকাকে এবার দেখা যাবে একই চলচ্চিত্রে। অনেকের মতে, বাংলা চলচ্চিত্রের জন্য এটা অভাবনীয় ঘটনা। এই তিন নায়িকা হলেন সুপ্রিয়া দেবী, সাবিত্রী চট্টোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্যায়। বয়সের দিক থেকে বড় সুপ্রিয়া দেবী। তাঁর বয়স এখন ৮২ বছর। তারপর সাবিত্রী চট্টোপাধ্যায়ের বয়স ৮০ বছর আর মাধবী মুখোপাধ্যায়ের ৭৫ বছর। সাবিত্রী ও মাধবী এই বয়সেও অভিনয় করছেন, তবে চলচ্চিত্র কিংবা টিভিতে সুপ্রিয়াকে তেমন দেখা যায় না।
স্বর্ণযুগের এই তিন নায়িকাকে নিয়ে এবার ছবি তৈরি করছেন পরিচালক অনুপ সেনগুপ্ত। চিত্রনাট্য লিখেছেন তিনি নিজেই। ছবির প্রযোজনা করছেন নিবেদিতা চক্রবর্তী। ছবির নাম ‘জীবনখাতার প্রতি পাতায়’।
নিবেদিতা চক্রবর্তী বলেন, এই তিন যশস্বী অভিনেত্রীকে নিয়ে ছবিটি তৈরি হচ্ছে। গল্পও তাঁদের নিয়ে। কৃষ নামের ছোট্ট একটি ছেলে এবং তিন প্রবীণ নারীর জীবনের টানাপোড়েন নিয়ে গড়ে উঠেছে গল্প। এই ছবিতে কৃষের দাদার ভূমিকায় দেখা যাবে প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে। আরও অভিনয় করছেন চিন্ময় রায়, শুভাশীষ মুখোপাধ্যায়, পিয়া সেনগুপ্ত প্রমুখ।