‘করে খাচ্ছ করে খাও, বেশি কথা বললে না, রগড়ে দেব’: প্রসেনজিৎকে সোহিনী
টালিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে একহাত নিলেন টালিউড অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত। তিনি প্রকাশ্যে বললেন, ‘এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! করে খাচ্ছ করে খাও, বেশি কথা বললে না রগড়ে দেব!’ শুনে প্রসেনজিৎ থ হয়ে গেলেন। আশপাশের মানুষজনও হতভম্ব। অত বড় কথা বলতে পারলেন এক অভিনেত্রী প্রসেনজিৎকে। প্রসেনজিৎ বললেন, দারুণ হয়েছে।
একটি ছবির ট্রেলার বা একঝলক মুক্তির দিন শোনা গেল সোহিনীর কণ্ঠে প্রসেনজিৎকে এভাবে হুমকি দেওয়ার কথা। ছবিটির নাম ‘আয় খুকু আয়’। এই ছবিতেই অভিনয় করছেন এই দুই তারকা প্রসেনজিৎ ও সোহিনী। সেই ছবিরই প্রথম ট্রেলার দেখানো হয় কলকাতার স্টার প্রেক্ষাগৃহে। ‘আয় খুকু আয়’ ছবির প্রচারের জন্য প্রদর্শন করা হয় এই ট্রেলার। অভিনেত্রী সোহিনী সেনগুপ্তর আরেকটি পরিচয় আছে তিনি নাট্যব্যক্তিত্ব রুদ্র প্রসাদ সেনগুপ্তর মেয়ে। তাঁর মা স্বাতীলেখা সেনগুপ্তও ছিলেন একজন নামী অভিনেত্রী।
‘আয় খুকু আয়’ ছবিটি মুক্তি পাবে আগামী ১৭ জুন। ছবিটি পরিচালনা করছেন শৌভিক কুন্ডু আর প্রযোজনা করছে জিৎ প্রোডাকশন। এই ছবিতে প্রসেনজিৎ অভিনয় করছেন লোকাল ট্রেনের একজন হকার হিসেবে। ছবিতে তাঁর নাম নির্মল মণ্ডল। আর সোহিনী অভিনয় করছেন একজন বিধায়ক বা এমএলএ চরিত্রে। ছবিতে তাঁর নাম পুতুল রানী বাগচী। রয়েছে এই ছবিতে গান ‘আয় খুকু আয় রে, চাঁদ মামা টিপ দিয়ে যায়’ ইত্যাদি।
ছবির ট্রেলার মুক্তির দিনের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ, সোহিনী, দিতিপ্রিয়া, রনজয়, শঙ্কর দেবনাথ, রাহুলদেব বসু প্রমুখ তারকারা। ছবিটির কাহিনি গড়ে উঠেছে সমাজের একটি জনগোষ্ঠী মানুষের সেবা করে এলেও আবার সেই জনগোষ্ঠী থাকছে মানুষের আড়ালে। সেই সব ঘটনা নিয়ে তৈরি হয়েছে এই ছবিটি।