জন্মদিনে ঘোষণা: মৃণাল সেনকে নিয়ে আসছে দুই ছবি, এক সিরিজ
বাংলা ছবির ত্রিরত্নের একজন মৃণাল সেন। ১৯২৩ সালের এই দিনে জন্মেছিলেন এই নির্মাতা। বেঁচে থাকলে ৯৯ বছর বয়স হতো তাঁর। জন্মবার্ষিকীতে ছেলে কুনাল সেন জানালেন চমক জাগানিয়া খবর। মৃণাল সেনকে ঘিরে তৈরি হচ্ছে দুটি ছবি ও একটি সিরিজ।
কুনাল আজ তাঁর ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানেই লেখেন এই ছবিগুলোর কথা। কুনাল লেখেন, ‘আজ আমার বাবার বয়স হতো ৯৯ বছর। একজন স্বতন্ত্র মানুষ ও পরিচালক হিসেবে বাবা সম্পূর্ণ জীবন কাটিয়েছেন। আমরা তাঁর জন্মশতবার্ষিকীর কাছাকাছি চলে এসেছি। বাবা জীবনে অনেক সম্মান পেয়েছেন, প্রশংসা পেয়েছেন। বাবার জীবন ও সিনেমার ওপর নির্ভর করে টালিউডে তিনটি ছবি তৈরি হচ্ছে।’
কুনাল জানান, একটি হলো কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘পালান’। কৌশিকের এই ছবিতে মৃণাল সেনের তৈরি ‘খারিজ’ ছবির চরিত্রদের ৪০ বছর এগিয়ে দিয়ে গল্প তৈরি হয়েছে। আর সৃজিত তৈরি করছেন মৃণালের জীবনের ওপর নির্ভর করে এক কাল্পনিক বায়োপিক। নাম ‘পদাতিক’। অঞ্জন দত্ত তৈরি করছেন একটি পার্সোনাল ফিচার ফিল্ম। মৃণাল সেন ও অঞ্জন দত্তের ব্যক্তিগত কথোপকথনের ওপর নির্ভর করে তৈরি হচ্ছে এই ছবি। মৃণাল সেনের ছবি ‘চালচিত্র’–এ কাজ করেছিলেন অঞ্জন দত্ত।
কুনাল আরও বলেন, ‘আমি এই তিনটা ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
মৃণাল সেনকে নিয়ে ছবি তৈরি হবে এ ভারি আনন্দের খবর চলচ্চিত্রপ্রেমীদের কাছে। কিন্তু মৃণাল সেনের ভূমিকায় কারা থাকবেন, তা নিয়ে কথা বলেননি তিন পরিচালকের কেউই।
এ ছাড়া আজ সকালে সৃজিত মুখোপাধ্যায় নিজেই তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কাজের খবর দিয়েছেন। তবে সৃজিতের কাজটি হতে পারে সিরিজ। ‘পদাতিক’–এর পোস্টার প্রকাশ করেছেন তিনি। এই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘সেই লকডাউনের সময় থেকে আজকের দিনের জন্য অপেক্ষা করছিলাম। সেই দিনটা এল। অবশেষে ওয়ার্ল্ড সিনেমার বিশ্ববরেণ্য পরিচালকের জন্মশতবার্ষিকীতে তাঁর প্রতি আমার বিশেষ শ্রদ্ধা।’
‘কলকাতা ট্রিলজি’র স্রষ্টার জন্মশতবর্ষ আগামী বছর। আর সেই বিশেষ মুহূর্তে কলকাতা তাঁকে কিছু ফিরিয়ে দেবে না! এ হয় না। তাই তিন পরিচালক তাঁদের কাজ দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানাবেন কলকাতার এই সময়ের তিন জাঁদরেল পরিচালক সৃজিত মুখার্জি, কৌশিক গঙ্গোপাধ্যায় ও অঞ্জন দত্ত।