গত বছরের শেষ দিকে একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য তাহসান ও বাঁধন চুক্তিবদ্ধ হন। ‘আ ব্লেসড ম্যান’ ছবিতে চুক্তির পরপরই খুব শিগগির শুটিং শুরুর কথা থাকলেও নতুন বছরের দুই মাস পার হলেও শুটিং–সংক্রান্ত কোনো খবর মিলছিল না। এরপর ছবিসহ প্রযোজকের পক্ষ থেকে জানানো হয়, দেশে করোনা পরিস্থিতি, চিত্রনাট্য বদল ও শিডিউলজনিত সমস্যায় শুটিং শুরু করতে দেরি হচ্ছিল। কথা প্রসঙ্গে ‘ছবিটিতে তাহসান ও বাঁধনের মধ্যে একজন থাকছেন না’—এ শিরোনামের খবর প্রকাশের কয়েক ঘণ্টা পর যোগাযোগ করেন প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাপল বক্সের প্রতিষ্ঠাতা ও পরিচালক পিপলু আর খান। তিনি জানালেন, ছবিটি ভবিষ্যতে সবকিছু ঠিকঠাক থাকলে, নির্মিত হলে, অবশ্যই তাহসান ও বাঁধনকে নিয়েই নির্মিত হবে।
প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাপল বক্সের ব্যানারে নির্মিত হবে ‘আ ব্লেসড ম্যান’। ছবিটি পরিচালনা করবেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পরিচালক সাদিক আহমেদ। ২০০৬ সালে স্বল্পদৈর্ঘ্য ছবি ‘তানজু মিয়া’ দিয়ে পরিচালক সাদিক আহমেদের পথচলা শুরু। ২০০৮ সালে নির্মাণ করেন ‘দ্য লাস্ট ঠাকুর’। পিপলু খান নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: আ ডটার’স টেল’-এর চিত্রগ্রাহক সাদিক।
পিপলু আর খান জানালেন, ছবির সহপ্রযোজকের উদ্ধৃতি দিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, সেটা আংশিক সত্য। এ ক্ষেত্রে ছবির মূল প্রযোজক হিসেবে তিনি, পরিচালক সাদিক আহমেদসহ সিদ্ধান্ত নিয়ে পিপলু প্রথম আলোকে বললেন, ‘প্রথম আলোর পাঠক এবং তাহসান ও বাঁধনের ভক্তদের জানাচ্ছি, এই দুজন অভিনয়শিল্পীকে কেন্দ্র করেই ছবিটির নির্মাণকাজ শুরুর যাবতীয় আয়োজন চলছে। এটা ঠিক, কোভিড–পরবর্তী বাস্তবতা, চিত্রনাট্যের প্রয়োজনীয় পরিবর্তন ও পরিবর্ধনের কাজে এবং সবার আনুষঙ্গিক ডেট ও অন্যান্য ঝামেলার কারণে আমাদের ছবিটি আরও দু–তিন মাস পর শুটিং করতে যাচ্ছি। আমরা সবাইকে এই মর্মে আশ্বস্ত করতে চাই, ছবিটি ভবিষ্যতে সবকিছু ঠিকঠাক থাকলে, নির্মিত হলে অবশ্যই তাহসান ও বাঁধনকে নিয়েই নির্মিত হবে। এ–সম্পর্কিত আংশিক সংবাদ প্রকাশের জন্য প্রযোজকদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।’
গত বছরের নভেম্বরে এক ভিডিও বার্তায় তাহসান বলেছিলেন, ‘নতুন একটি সুখবর দিচ্ছি। নতুন সিনেমা “আ ব্লেসড ম্যান”-এর শুটিং শুরু করতে যাচ্ছি। আপনাদের কাছে দোয়া চাই। এই সিনেমায় কাজ করছেন বিশ্ব জয় করে আসা আজমেরী হক বাঁধন। সঙ্গে আছি আমি। আমাকে যে কেন নিল (হাসি)! সিনেমাটি নিয়ে নির্মাতার সঙ্গে বসেছিলাম। আমি অনেক উৎফুল্ল। দারুণ চিত্রনাট্য।’
তাহসান তখন আরও বলেছিলেন, ‘বাংলাদেশের সিনেমা আমরা অনেকভাবেই দেখেছি। কিন্তু এ সিনেমা একদমই অন্য রকম। এটা চিত্রনাট্য পড়ে আমার মনে হয়েছে। আমরা শিগগির সিনেমাটি নিয়ে কাজ শুরু করব। এ জন্য ব্যাপক প্রস্তুতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে।’
ছবিটির বিষয়ে ফেসবুকে অপর এক ভিডিও বার্তায় বাঁধন বলেছিলেন, ‘ছবির গল্পটা আমার খুব পছন্দ হয়েছে, সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার নিজের চরিত্র। অনেক চ্যালেঞ্জিং একটা চরিত্র। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন, আমার ওজন কেন এত কমে যাচ্ছে। কারণ হচ্ছে (এই ছবি) নতুন এই চরিত্রের জন্য আমাকে আরও ওজন কমাতে হবে।’