দিতিপ্রিয়াকে মিস করছেন গৌরব
‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকের রানি করুণাময়ী মারা গেছেন কিছুদিন আগে। এবার চলে যাবেন তাঁর মেয়ের জামাই মথুর। অর্থাৎ ধারাবাহিকটি থেকেও বিদায় নিচ্ছেন তিনি। এ চরিত্রে অভিনয় করেছেন গৌরব চট্টোপাধ্যায়। শেষ দৃশ্যের শুটিংয়ের পর সেট ছেড়ে চলে গেছেন তিনি। এ সময় খুব করে তিনি মিস করছিলেন রানি চরিত্রের দিতিপ্রিয়াকে।
ভারতের পশ্চিমবঙ্গের বাংলা চ্যানেল জি–বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানি রাসমণি’। এতে রানির চরিত্রে অভিনয় করেছিলেন দিতিপ্রিয়া রায়। ঐতিহাসিক এ ধারাবাহিকটি শুরু হওয়ার কিছুদিন পরই এতে যুক্ত হয়েছিলেন গৌরব। রাসমণির বড় জামাই মথুরামোহনের চরিত্রে দেখা গেছে তাঁকে। মথুরের চরিত্রে গৌরবের অভিনয় পছন্দ করেছেন দর্শক। কিন্তু এবার বিদায় নিচ্ছেন তিনি। ইতিমধ্যে সেটি জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।
অভিনয়জীবনে বহু চরিত্রে অভিনয় করেছেন গৌরব। তবে মথুরের চরিত্রটি তাঁর কাছে বিশেষ। এই কয়েক বছরে গৌরবের অভিনয়ে যেন জীবন্ত হয়ে উঠেছিলেন মথুরামোহন। কিন্তু ‘করুণাময়ী রানি রাসমণি: উত্তর পর্ব’-এর ধারা বলছে, মথুরের গল্প শেষ। সারদামণির দক্ষিণেশ্বর আগমন এবং তার পরের কাহিনি নিয়ে এগোবে এই ধারাবাহিকের কাহিনি। গৌরব জানান, শুটিং শেষ করে রীতিমতো সেট ছেড়ে পালিয়েছেন তিনি। সেটে দিতিপ্রিয়া থাকলে কি এভাবে সেট ছাড়তেন?
গৌরব বলেন, ‘যেভাবে পালিয়ে এসেছি, সেভাবে হয়তো আসতাম না। আরও কিছুক্ষণ থাকতাম। দিতিপ্রিয়ার একটা বড় গুণ হচ্ছে, খুব কষ্টের মধ্যেও সে সবাইকে হাসিয়ে দেয়, সবাইকে মাতিয়ে রাখে। আজ দিতিপ্রিয়াকে খুব মিস করছি।’
মথুরামোহন চরিত্রের ছাপ পড়েছিল তার ব্যক্তিগত জীবনেও। এত দিন মথুরামোহনের ভঙ্গিতে কথা বলেছেন তিনি। বদলে গিয়েছিল স্বাভাবিক উচ্চারণও। এমনি বাড়িতেও সেভাবে কথা বলতেন তিনি। গৌরব বলেন, ‘বাড়ির লোকেরা এতে কিছু মনে করত না। কিন্তু এবার যখন অন্য কোনো কাজে ঢুকব, সেখানে তো এই উচ্চারণ চলবে না। তাই শিগগিরই চরিত্রটা থেকে বেরিয়ে আসতে হবে।’
গৌরব উত্তম কুমারের নাতি। অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের বেশ কিছু সিনেমাতেও। এরপর সিনেমায় তাকে দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায়ের ‘অতি উত্তম’ ও রাজর্ষিদের ‘মায়া’ ছবিতে।