নববর্ষে রুক্মিণীর পাতে শর্ষে–ইলিশ, চিংড়ির মালাইকারি ও পাঁঠার মাংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টালিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

টালিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র অভিনেতা দেবের প্রেমিকা। পশ্চিমবঙ্গে মুক্তির অপেক্ষায় তাঁদের নতুন ছবি ‘কিশমিশ’। এ ছবির প্রচারণা নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন তাঁরা। এরই মধ্যে এল বাংলা নতুন বছর। পশ্চিমবঙ্গের ক্যালেন্ডারে গতকাল শুক্রবার ছিল পয়লা বৈশাখ। এদিন কী কী খেয়েছেন রুক্মিণী?

নতুন ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত রুক্মিণী
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

কিশমিশ দিয়ে বাসন্তী পোলাও ভালোবাসেন রুক্মিণী। বাংলা নববর্ষের প্রথম দিনে তাঁর পছন্দের সব পদ রান্না করেছেন তাঁর মা। রাতে খাবার টেবিলে ছিল শর্ষে–ইলিশ, চিংড়ির মালাইকারি, পাঁঠার মাংস, চাটনি আর পায়েস। এত সব খাবার নিশ্চয়ই একা খাননি তিনি? জানতে চাইলে ‘ককপিট’ ছবির এ অভিনেত্রী বলেন, ‘দেব থাকবেন না, তা কি হয়?’

‘কিশমিশ’ ছবিতে রুক্মিণী ও দেব
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

২৯ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘কিশমিশ’। এরই মধ্যে ইউটিউবে এসেছে ছবির দুটি গান ‘অবশেষে’, ‘তুই বলব না তুমি’। ছবিতে চার রকম সাজে দেখা যাবে রুক্মিণীকে। শিগগিরই প্রকাশিত হবে ছবির আরেকটি গান ‘কান্না’। বছরের প্রথম দিন কলকাতার বড় এক শপিংমলে ঢুকে পড়েছিল ‘কিশমিশ’ ছবির একটা দল, সঙ্গে রুক্মিণীও। ছবিটি আসছে, যতভাবে সম্ভব সেটা মানুষকে জানাতে তৎপর তারা। বছরের প্রথম দিন এ কাজের জন্য আদর্শ। দুপুরে দলবল নিয়েই রুক্মিণী সেরেছেন মধ্যাহ্নভোজ।

দেবের সঙ্গে ইতিমধ্যে পাঁচটি ছবিতে অভিনয় করেছেন রুক্মিণী
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

দেবের হাত ধরে ২০১৭ সালে টলিউডে পা রাখেন রুক্মিণী। প্রথমবার তাঁরা জুটিবদ্ধ হন ‘চ্যাম্প’ সিনেমায়। এরপর ‘পাসওয়ার্ড’, ‘কিডন্যাপ’, ‘কবির’, ‘ককপিট’। তারপর আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন ‘সুইজারল্যান্ড’ সিনেমায়। এরই মধ্যে বলিউডে অভিষেক হয়েছে তাঁর, ‘সনক’ সিনেমার মধ্য দিয়ে। এখানে তাঁর নায়ক ছিলেন বিদ্যুৎ জামওয়াল।