ফারিয়া-যশের দেখা হবে ‘রকস্টার’–এ

নুসরাত ফারিয়ার নায়ক কলকাতার যশ দাস গুপ্তসংগৃহীত কোলাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতায় ‘ভয়’ নামে একটি ছবির কাজ চলছে নুসরাত ফারিয়ার। রাজা চন্দ পরিচালিত এই ছবির শুটিং এখনো এক ধাপ বাকি। এরই মধ্যে ‘রকস্টার’ নামে কলকাতার নতুন আরেকটি ছবিতে যুক্ত হলেন ঢাকাই ছবির এই নায়িকা। আজ বৃহস্পতিবার থেকে কলকাতার লোকেশনে শুটিং শুরু হয়েছে ছবিটির। নুসরাত ফারিয়ার নায়ক কলকাতার যশ দাস গুপ্ত। কলকাতা থেকে মুঠোফোনে খবরটি নিশ্চিত করেছেন ফারিয়া নিজেই।

ফারিয়া বলেন, ‘অনেক দিন ধরেই কাজটি নিয়ে কথাবার্তা চলছিল। সপ্তাহখানেক আগে কলকাতায় এসেছিলাম। ওই সময় ছবিতে কাজের ব্যাপারটি চূড়ান্ত হয়। তখন চুক্তি ও নায়কের সঙ্গে লুকসেট করে গিয়েছিলাম। আজ শুটিংয়ের জন্য আবার এলাম।’

নুসরাত ফারিয়া
ছবি : সংগৃহীত

ছবির গল্প সম্পর্কে বলতে চাইলেন না ফারিয়া। বললেন, ‘গল্প বলা যাবে না। তাহলে মজা শেষ। এতটুকুই বলি, এটি একটি লাভ স্টোরি। তবে গল্পে অনেকগুলো স্তর আছে।’
ছবিটির চিত্রনাট্যকার ও পরিচালক আংশুমান প্রত্যুষ।

যশ দাস গুপ্ত

তাঁর পরিচালনায় এবারই প্রথম কাজ করছেন ফারিয়া। কেমন হবে কাজটি, জানতে চাইলেন ফারিয়া বলেন, ‘এর আগে আংশুমানের চিত্রনাট্য করা যৌথ প্রযোজনার “বস”, “বস ২”, “ইন্সপেক্টর নটি কে”; ঢাকার “ধ্যাততেরিকি”, “শাহেনশাহ”সহ অনেকগুলো ছবিতে কাজ করেছি। তখন থেকেই তাঁর সম্পর্কে আমার ভালো ধারণা ও বিশ্বাস তৈরি হয়েছে। প্রত্যাশা করছি, তাঁর পরিচালনায় এই কাজও ভালো হবে ।’

বৃহস্পতিবার থেকে শুটিং শুরু হয়েছে

কলকাতার জিৎ, অঙ্কুশ, রুদ্রনীলদের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকলেও নায়ক যশের বিপরীতে ফারিয়ার প্রথম কাজ এটি। এ ব্যাপারে এই অভিনেত্রী বলেন, ‘যশ সম্পর্কে কিছুটা জানাশোনা থাকলেও পরিচয় ছিল না। এর আগে এই ছবির লুকসেট করতে এসে প্রথম আনুষ্ঠানিক পরিচয় হয়েছে তাঁর সঙ্গে। অল্প আড্ডায় মনে হয়েছে, দুজনের একসঙ্গে কাজটি ভালোই হবে। মানুষটিও বেশ মজার।’