ফেলুদার পর চলে গেলেন মছলিবাবা
মারা গেছেন ভারতের বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৯০ বছর। উত্তমকুমার থেকে শুরু করে সমকালীন পশ্চিম বাংলার প্রায় সব অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করেছেন এই অভিনেতা। সত্যজিৎ রায়ের ‘জয় বাবা ফেলুনাথ’-এ ভণ্ড সাধু মছলিবাবার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।
দীর্ঘদিন ধরে হৃদ্যন্ত্রের সমস্যায় ভুগছিলেন। রোববার সকাল ৯টা ৩৫ মিনিটে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনু মুখোপাধ্যায়ের মৃত্যুর নিয়ে টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘প্রবীণ চলচ্চিত্র ও থিয়েটার অভিনেতা মনু মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোকাহত। ২০১৫ সালের টেলি-সম্মান পুরস্কারে আমরা তাঁকে আজীবন সম্মাননা পদকে ভূষিত করেছিলাম।
তাঁর পরিবার, সহকর্মী ও গুণমুগ্ধদের আমার সমবেদনা।’ মনু মুখোপাধ্যায়ের মেয়ের জামাই জয়ন্ত সরদার ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন প্রবীণ এই অভিনেতা। কোমরের সমস্যা থাকায় শেষ চার বছর একেবারে শয্যাশায়ী ছিলেন। ছিল হৃদ্রোগের সমস্যাও। কলকাতার আর্টিস্ট ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনু মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক জানানো হয়েছে। তারা লিখেছে, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, প্রখ্যাত অভিনেতা ও ফোরামের প্রাণের মানুষ, মনু মুখোপাধ্যায়, আজ প্রয়াত হয়েছেন। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি।
তাঁর মরদেহ বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত বাড়িতে রাখা থাকবে, তারপর কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।’
মনু মুখোপাধ্যায় ১৯৩০ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। প্রকৃত নাম সৌরেন্দ্রনাথ, কিন্তু মনু নামেই পরিচিত তিনি। ১৯৪৬ সালে ভারতী বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় পাস করেন, এরপর মহারাজা মণীন্দ্র চন্দ্র কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি প্রবল আগ্রহ ছিল তাঁর। সে সময়ে অল্প বয়সে পাড়ার নাটকের দলে নারী চরিত্রে অভিনয় করতেন। ১৯৫৭ সালে বিশ্বরূপায় যোগ দেন প্রম্পটার হিসেবে। ‘ক্ষুধা’ নাটকে ঘটনাচক্রে কালী বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন মনু মুখোপাধ্যায়। এরপর ধীরে ধীরে উত্তরণের গল্প। হাইকোর্টে কেরানির পদে চাকরি করতেন, তবে অভিনয় ছিল তাঁর নেশা। নেশার টানে পেশায় ইতি টেনেছিলেন।
মনু মুখোপাধ্যায় অভিনীত প্রথম ছবি মৃণাল সেনের ‘নীল আকাশের নীচে’। সেই ছবির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন কালী বন্দ্যোপাধ্যায়। তিনিই পরিচালকের কাছে নিয়ে গিয়েছিলেন মনু মুখোপাধ্যায়কে। এরপর বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় ও রোন্যান্ড জোফির সঙ্গে কাজ করেছেন প্রয়াত এই অভিনেতা। সত্যজিৎ রায়ের ‘জয় বাবা ফেলুনাথ’-এ ভণ্ড সাধু মছলিবাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি।
ছোট চরিত্রে অভিনয় করলেও দর্শক মনে নিজের ছাপ রাখতে বরাবর সফল হয়েছেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে ভক্তদের মনে দশকের পর দশক ধরে জায়গা করে নিয়েছেন তিনি।
সত্যজিতের ‘অশনিসংকেত’, ‘গণশত্রু’র মতো ছবিতেও অভিনয় করেছেন মনু মুখোপাধ্যায়। টালিউড চলচ্চিত্র ইন্ডাস্ট্রি মনু মুখোপাধ্যায়ের মতো শক্তিশালী অভিনেতাকে সেভাবে ব্যবহার করতে পারেনি—এই অভিযোগ অনেকেই করে থাকেন।
দীর্ঘ সময় অতিথি চরিত্রে কিংবা পার্শ্বচরিত্রে অভিনয়ের পর ২০০৩ সালে পরিচালক অভিজিৎ চৌধুরীর ‘পাতালঘর’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন মনু মুখোপাধ্যায়। সাম্প্রতিক সময়ে ‘বাকিটা ব্যক্তিগত’ ছবিতে মনু মুখোপাধ্যায়ের অভিনয় চমকে দিয়েছে দর্শকদের। তিনি অভিনয় করেছেন পরিচালক সায়ন্তন ঘোষালের ‘আলিনগরের গোলোকধাঁধা’ ছবিতেও।
রুপালি পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও নিয়মিত অভিনয় করেছেন তিনি। ‘পৌষ ফাগুনের পালা’, ‘সংসার সুখের হয় রমণীর গুণে’-এর মতো ধারাবাহিকে মনু মুখোপাধ্যায়কে দেখছেন বাঙালি দর্শক। প্রবীণ এ অভিনেতার মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া বিনোদনজগতে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিয়ে অনেকেই স্মৃতিচারণা করে শোক প্রকাশ করেছেন।
গত ১৫ নভেম্বর কলকাতার বেলভিউ নার্সিংহোমে শেষনিশ্বাস ত্যাগ করেন উপমহাদেশের জনপ্রিয় অভিনেতা ও আবৃত্তিকার সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর প্রয়াণের শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি বাংলা চলচ্চিত্রপ্রেমীরা। তার মধ্যে আজ বিদায় নিলেন মছলিবাবাখ্যাত মনু মুখোপাধ্যায়।