বিয়ের তারিখ নিয়ে দেবের রসিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কয়েকজন তারকার বিয়ে থমকে আছে। বলিউডে যেমন সালমান খান, টালিউডে দেব। দেব ও তাঁর প্রেমিকা রুক্মিণীকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। এবার সেই গুঞ্জন নিয়ে নিজেই রসিকতা করলেন দেব, বললেন, ‘২৯ এপ্রিল রুক্মিণীকে বিয়ে করছি।’

দেব
ছবি: সংগৃহীত

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে দেব বলেছেন এ কথা। সঙ্গে সঙ্গে শোরগোল পড়ে গেছে টালিউডে। শুরুতেই লোকে বুঝে নিয়েছে, ওই দিন মুক্তি পাচ্ছে দেব ও রুক্মিণী মৈত্রের নতুন সিনেমা ‘কিশমিশ’। রাহুল মুখার্জি পরিচালিত সিনেমাটির দ্বিতীয় গান আজ প্রকাশিত হয়েছে। সেটার প্রকাশনা অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নায়ক-নায়িকা ও পরিচালক। একপর্যায়ে ২৯ এপ্রিল বিয়ে করার কথা বলেন দেব। ধারণা করা হচ্ছে, ‘কিশমিশ’ সিনেমায় দুজনের বিয়ের কোনো দৃশ্য আছে।

‘কিডন্যাপ’ ছবির দৃশ্যে দেব ও রুক্মিনী

প্রকাশিত গানের দৃশ্যে দেবকে রাজনৈতিক ব্যক্তি হিসেবে দেখা গেছে। বাস্তবজীবনে তিনি তৃণমূলের সাংসদ। এ নিয়ে দলের সঙ্গে কোনো সমস্যা হবে কি না, জানতে চান ওই অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকেরা। তিনি বলেন, ‘তৃণমূলের সমর্থক হলেও আজ পর্যন্ত বিরোধী কোনো দল সম্পর্কে কোনো কুমন্তব্য করিনি। সব দলকে সমান সম্মান দিই। আমার কাছে মানুষের জন্য রাজনীতি। পেশার ক্ষেত্রে আগে অভিনেতা তারপর রাজনীতিবিদ। তাই লাল ঝান্ডা হাতে তুলে নিতে আমার কোনো অস্বস্তি হয়নি।’