মুখটা অদ্ভুত, যেকোনো চরিত্রের সঙ্গে ঠিক মানিয়ে যায়

শ্রীলেখার আসন্ন চলচ্চিত্রের নাম ‘ন্যায়-জাজমেন্ট ডে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার সকাল থেকেই ফেসবুকে ছবিগুলো ঘুরছে। ছবি দেখে চট করে মাথায় আসে একটি নাম, ইন্দিরা গান্ধী। মনে প্রশ্নও জাগে, কে সেজেছেন এ চরিত্রে? ছবির মানুষটি নিজেও এই প্রশ্ন করলেন। তিনি পশ্চিম বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাঁর ফেসবুক ওয়ালে লিখলেন, ‘কার ভূমিকায় অভিনয় করছি?’

শ্রীলেখা মিত্র সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত নন, তবে বরাবরই রাজনীতি সচেতন

করোনার দিনগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় শ্রীলেখা মিত্র। প্রায়ই নিজের নতুন নতুন ছবি দিয়ে আর নানা রকম মন্তব্য করে সাড়া ফেলে দেন তিনি। গতকাল শনিবার একটি ভিডিও শেয়ার করেছেন শ্রীলেখা মিত্র। যেখানে দেখা যায় তাঁর মেকআপ করা উঁচু নাক, গোল করে ছাঁটা চুল। চুলে কিছুটা পাক ধরেছে। চোখে মোটা ফ্রেমের গোল চশমা।

যে ভিডিও দেখলে সহজে বোঝা যায়, ঠিক কার ভূমিকায় অভিনয় করছেন শ্রীলেখা। জানা গেছে, শ্রীলেখার আসন্ন চলচ্চিত্রের নাম ‘ন্যায়-জাজমেন্ট ডে’।

শ্রীলেখা মিত্র সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত নন। তবে বরাবরই রাজনীতিসচেতন। পশ্চিমবঙ্গ বিধানসভার চতুর্থ দফার নির্বাচনে শুরু থেকেই সক্রিয় ছিলেন। ব্রিগেডের মাঠে, প্রতিবাদ সভায়, টিভি চ্যানেলের বিতর্ক অনুষ্ঠানে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে দেখা গেছে। শুরু থেকেই প্রকাশ্যে বাম দলের সমর্থক শ্রীলেখা।

শ্রীলেখা মিত্র

বরাবরই লাল রঙের প্রতি নিজের আশা ও ভরসার কথা জানিয়েছেন এই অভিনেত্রী। বিগত নির্বাচনগুলোতে টালিগঞ্জে পালাবদলের হাওয়াও তাঁকে টলাতে পারেনি। দলবদলের রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রেখেছেন তিনি। টালিপাড়ার সহকর্মী বন্ধুদের শিবির বদল কিংবা এবারের ভোটের আগে রাজনীতিতে নামার হিড়িক নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি।

এবার এক রাজনৈতিক সিনেমাতে দেখা যাবে শ্রীলেখাকে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিনিধিকে শ্রীলেখা জানিয়েছেন, ছবিটি পুরোদস্তুর রাজনৈতিক। যেখানে তিনি একজন নেত্রীর চরিত্রে অভিনয় করছেন। শ্রীলেখার ভাষায়, ‘ছবিটা করতে বেশ লেগেছে। আমার মুখটা অদ্ভুত, যেকোনো চরিত্রের সঙ্গে ঠিক মানিয়ে যায়।’

শুটিং স্পটে শ্রীলেখা

জানা গেছে, কলকাতা ও পুরুলিয়ায় হয়েছে ‘ন্যায়-জাজমেন্ট ডে’–এর শুটিং। ‘ন্যায়-জাজমেন্ট ডে’ পরিচালনা করেছেন সুশান্ত রায়। এটিই তাঁর প্রথম ছবি। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বাম সমর্থকদের মিছিল। পুরো ভিডিও দেখে বোঝা গেল, প্রতিবাদ, ন্যায়বিচার—এসব বিষয় প্রাধান্য পেয়েছে গল্পে। ছবিতে আরও আছেন অখিলেন্দ্র মিশ্র, রবিন দাস, রাজীব গৌর সিং, পায়েল রায় ও শহিদুর রহমান। সংগীত পরিচালনা করছেন শুভংকর বন্দ্যোপাধ্যায়।

কোনো দলের আদর্শ বা ঠিক কোন নেতার জীবনী নিয়ে ছবিটি, এ বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি শ্রীলেখা। শুধু বলেছেন, ‘ছবিটা করার কারণ পরিচালকের সঙ্গে আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মিল রয়েছে। কাজ করার সময় একে অপরকে বুঝতে পেরেছি। আমি সুশান্ত (পরিচালক) এবং তাঁর ছবির বিষয়বস্তুর সঙ্গে সহমত পোষণ করি।’

শুটিং স্পটে শ্রীলেখা মিত্র

চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করে প্রতিষ্ঠিত শ্রীলেখা মিত্র বাংলাদেশে বেশি পরিচিতি পেয়েছেন রিয়েলিটি শো মীরাক্কেলের কারণে। বাংলাদেশ থেকে এ প্রতিযোগিতায় অংশ নিয়ে শীর্ষ তালিকায় ছিলেন বেশ কয়েক প্রতিযোগী। পরাণ বন্দ্যোপাধ্যায় ও রজতাভ দত্তের সঙ্গে বরাবরই বিচারকের আসনে দেখা গেছে ভারতের এই সুপরিচিত অভিনয়শিল্পীকে। অবশ্য সর্বশেষ মীরাক্কেলের আয়োজনে শ্রীলেখা ছিলেন না।