মুম্বাই থেকে ফিরেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাইতে করোনা পরীক্ষা করিয়েছিলেন কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তখন ফলাফল নেগেটিভ এসেছিল। কলকাতায় ফিরে আবার পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে। টুইটারে নিজের স্বাস্থ্যের এই খবর জানান তিনি।
গতকাল মঙ্গলবার রাতে রাজ ও শুভশ্রীর করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। আজ সকালে করোনা পরীক্ষা করানোর কথা জানিয়েছেন দেব। আর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানালেন পরমব্রত চট্টোপাধ্যায়। ভারতজুড়ে বলিউডসহ তারকাদের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলছেই।

পরমব্রত টুইটারে লিখেছেন, ‘২৭ ডিসেম্বর সামান্য উপসর্গ ছিল। মুম্বাইয়ে করোনা পরীক্ষা করিয়েছিলাম। রেজাল্ট নেগেটিভ আসে। ৩০ ডিসেম্বর কলকাতায় ফিরি। ২ জানুয়ারি থেকে আর কোনো উপসর্গ ছিল না। তবু সাবধানতার জন্য গতকাল করোনা পরীক্ষা করাই। আজ করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আবার তিন দিন পর পরীক্ষা করাব।’

পরমব্রত আরও জানিয়েছেন, তিনি তাঁর স্বাস্থ্যের আপডেট জানাবেন। তার আগে তিনি সবাইকে অনুরোধ করেছেন, গত কয়েক দিন যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন করোনার পরীক্ষা করিয়ে নেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, পরমব্রত মঙ্গলবার নন্দনে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন। তাঁর সঙ্গে মঞ্চে সেদিন ছিলেন পরিচালক অরিন্দম শীল ও অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যে কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন রাজ ও শুভশ্রী, সুরকার জিৎ গাঙ্গুলী, সৃজিত মুখোপাধ্যায়, পার্নো মিত্র, শ্রীজাত প্রমুখ।