মৃণাল সেনের প্রাক্জন্ম শতবার্ষিকী উদ্যাপন
বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত পরিচালক মৃণাল সেন বেঁচে থাকলে গতকাল ১৪ মে ৯৯ বছরে পা দিতেন। মৃণাল সেনের এই জন্মদিনকে ঘিরে কলকাতায় উদ্যাপিত হলো মৃণাল সেনের প্রাক্জন্ম শতবর্ষের অনুষ্ঠান। কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটে আয়োজিত এই অনুষ্ঠানে মৃণাল সেনকে গভীরভাবে শ্রদ্ধা জানানো হয়। তাঁর জীবনের নানা কথা নিয়ে আলোচনা হয়। মৃণাল সেনের একমাত্র ছেলে কুণাল সেন আমেরিকা থেকে কলকাতায় এসে এই অনুষ্ঠানে যোগ দেন।
গতকালের ওই অনুষ্ঠানে আরও যোগ দেন অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায়, অশোক বিশ্বনাথন, অঞ্জন দত্ত, মমতা শঙ্কর, শ্রীলা মজুমদার, শিলাদিত্য সেন, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় ও মৃণাল সেনের ছেলে কুণাল সেন।
অনুষ্ঠানে মৃণাল সেনকে নিয়ে তৈরি একটি ৪০ মিনিটের তথ্যচিত্র দেখানো হয়। এটি পরিচালনা করেছেন সঞ্জয় ভট্টাচার্য। অনুষ্ঠানে বক্তারা মৃণাল সেনের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
তাঁর তৈরি অসামান্য বিভিন্ন ছবির কথাও উঠে আসে তাঁদের কথায়। অনুষ্ঠান থেকে ঘোষণা দেওয়া হয়, গতকাল থেকে শুরু হলো মৃণাল সেনের প্রাক্জন্ম শতবর্ষের অনুষ্ঠান। আগামী বছর মৃণাল সেনের জন্মশতবর্ষের কথা রেখে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী ইত্যাদি চলবে বছরজুড়ে।
মৃণাল সেন ভারতের চলচ্চিত্রের সেরা সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসহ দেশ-বিদেশের বহু সম্মানে ভূষিত হয়েছেন। তাঁর পরিচালিত বেশ কয়েকটি ছবি জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। মস্কো, বার্লিন, শিকাগো, মন্ট্রিল, ভেনিস, কায়রো ও কানসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁর ছবি পুরস্কৃত হয়েছে। তিনি বাংলা ছাড়াও হিন্দি, ওডিশি ও তেলেগু ভাষায় ছবি করেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি এসে দাঁড়িয়েছিলেন মুক্তিযোদ্ধাদের পাশে।
মৃণাল সেন পরিচালিত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘ভুবন সোম’, ‘মৃগয়া’, ‘কোরাস’, ‘আকালের সন্ধানে’, ‘কলকাতা-৭১’, ‘খারিজ’, ‘পদাতিক’, ‘আমার ভুবন’, ‘পুনশ্চ’, ‘আকাশ কুসুম’, ‘অন্তরীণ’, ‘পরশুরাম’, ‘খণ্ডহর’, ‘একদিন প্রতিদিন’।
মৃণাল সেনের জন্ম ১৯২৩ সালের ১৪ মে বাংলাদেশের ফরিদপুরে। শৈশব ও কৈশোর কেটেছে ওই শহরেই। ১৯৪৩ সালে ফরিদপুরের রাজেন্দ্র কলেজে পড়ার সময় তিনি চলে আসেন কলকাতায়।