শ্রাবন্তীও বিজেপি ছাড়লেন
বৃহস্পতিবার বেলা ১১টা ৩০মিনিট। কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের টুইট, ‘যে দলের হয়ে আমি গতবার নির্বাচনে লড়েছিলাম, সেই বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি। তাদের মধ্যে বাংলার স্বার্থ পূরণ করে আরও এগিয়ে নেওয়ার উদ্যোগ ও আন্তরিকতার অভাব।’ ফেসবুকেও একই স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী। ৩০ মিনিটে দেড় হাজারের বেশি প্রতিক্রিয়া, ২০০ মন্তব্য জমা পড়েছে।
বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন শ্রাবন্তী। যোগ দিয়েই চলতি বছরের নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন তিনি। ভোটে হেরে যাওয়ার পর থেকেই বাড়তে থাকে বিজেপির সঙ্গে দূরত্ব। অবশেষে দল ছেড়ে দিলেন এই অভিনেত্রী।
পশ্চিমবঙ্গের চলতি বছরের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছিল বিনোদনজগতের তারকাদের মধ্যে। চলচ্চিত্রের অনেক তারকাও বিজেপিতে শামিল হয়েছিলেন। এরই মধ্যে ১ মার্চ কৈলাস-দিলীপের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন শ্রাবন্তী।
বিধানসভায় ভোটে পরাজয়ের পর বিজেপির সাবেক রাজ্য সভাপতি তথাগত রায় দলের তারকা প্রার্থীদের নানাভাবে কটাক্ষ করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে আক্রমণ করেছিলেন তথাগত রায়। এরই মধ্যে একাধিক নেতা বিজেপি ছেড়েছেন। জুলাই মাসে ফেসবুক পোস্টে ‘চললাম। বিদায়!’ লিখে বিজেপির রাজনীতির ময়দান ছাড়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাবুল সুপ্রিয়।
বিজেপিতে এই ভাঙনের মধ্যেই দল ছাড়লেন শ্রাবন্তী। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, ভোটের পর প্রকাশ্যে বিজেপির হয়ে কোনো কর্মসূচিতে অভিনেত্রীকে দেখা যায়নি। ফলে তাঁকে নিয়ে জল্পনা ছিলই। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দল ছাড়ার ঘোষণা করলেন তিনি।
তবে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি তিনি দেননি। বিজেপির পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তবে ভারতীয় গণমাধ্যম আজকালকে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘ভোটের আগে উনি দলে এসেছিলেন। একটি গুরুত্বপূর্ণ আসনে তাঁকে প্রার্থী করা হয়েছিল। পরাজিত হয়েছিলেন। এর পর থেকে দলের তরফ থেকে যোগাযোগ করা হলেও তিনি দলের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। এরা কী কারণে দলে আসে, তা সবারই জানা। তবুও চাইব, উনি দলেই থাকুন।’