সেরা ছবির পুরস্কার পেল ‘ঝিল্লি’
কলকাতার ঐতিহ্যবাহী ২৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হলো গতকাল রোববার রাতে কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দন প্রেক্ষাগৃহে।
গতকাল রাতে পুরস্কার বিতরণী সভায় এবার চলচ্চিত্রের আন্তর্জাতিক প্রতিযোগিতায় সেরা ছবির পুরস্কার পেয়েছে ‘ঝিল্লি’ ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন কলকাতার প্রখ্যাত পরিচালক গৌতম ঘোষের পুত্র ঈশান ঘোষ। প্রযোজনা করেছেন গৌতম ঘোষ নিজেই। রাতে সেরা ছবির সম্মান পেয়ে আবেগে কেঁদে দেন ‘ঝিল্লি’ ছবির তরুণ পরিচালক ঈশান ঘোষ।
এ ছাড়া আরও যাঁরা সেরার পুরস্কার পেয়েছেন, তাঁরা হলেন— সেরা ডকুমেন্টারি ছবির পুরস্কার পেয়েছে ‘নিক্কে মানুদি’। পরিচালনা করেছেন শুচি প্রসাদ। সেরা শর্ট চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘গেরুপত্র’ ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন সৃষ্টিপাল সিং।
নেটপ্যাক বিভাগে সেরা ছবির সম্মান পেয়েছে ‘মানিকবাবুর মেঘ’। ছবিটি পরিচালনা করেছে অভিনন্দন ব্যানার্জি। ভারতীয় ছবি বিভাগে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে ‘প্রাপ্তি’ ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন অনুরাগপতি।
আন্তর্জাতিক স্তরে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন ইসরত আর খান। ‘গুলিস লাড্ডু’ ছবির জন্য। ভারতীয় ভাষার শ্রেষ্ঠ ছবির সম্মান পেয়েছে ‘আদিকু গদার্দ’। ছবিটি পরিচালনা করেছেন অমর্ত্য ভট্টাচার্য।
আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছেন ‘স্ট্রিমস’ ছবিটি। তিউনিশিয়ায় নির্মিত এই ছবি পরিচালনা করেছেন মেহেদি এইচ মিলি। আন্তর্জাতিক প্রতিযোগিতায় সেরা পরিচালকের সন্মান পেয়েছেন ওলা জেকোসবা। ছবির নাম ‘অ্যানাটমিয়া’। পোল্যান্ডের ছবি।
এবার কলকাতার এই চলচ্চিত্র উৎসবে ৪০টি দেশের ১৬৩টি ছবি অংশ নিয়েছে। ছবির মধ্যে ছিল ১০৩টি ফিচার ফিল্ম এবং ৫৮টি স্বল্পদৈর্ঘ্যের ছবি। ৭১টি দেশের ১ হাজার ৬৯৮টি ছবি থেকে ১৬৩টি ছবি বাছাই করা হয়েছে। ছিল বাংলাদেশেরও একটি ছবি—‘আজব কারখানা’।