‘আমাদের আল্লু অর্জন’
মঞ্চ প্রস্তুত। আগামীকাল শুক্রবার যেখানে বসবে তারার মেলা। বছরজুড়ে তারকাদের কাজের স্বীকৃতি মিলবে আগামীকাল সন্ধ্যায়। মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের ২৩তম আসর বসছে কাল। তবে শুধু পুরস্কারই নয়, ফাঁকে ফাঁকে চলবে তারকাদের নানা ধরনের পরিবেশনা। তারকাবহুল এ অনুষ্ঠান সফল করতে দিনরাত ধরে চলছে তারই মহড়া। প্রথম আলোর কার্যালয় থেকে শুরু করে রাজধানীর নিকেতন, ইস্কাটন, বনশ্রী,আদাবর স্টুডিওগুলোতে লেগেছে রেকর্ডিং, মহড়ার আমেজ। মহড়াকক্ষ ঘুরে এসে বিনোদনের পাঠকদের জন্য তারই কিছুটা তুলে ধরা হলো।
বুধবার দুপুরে সিয়ামের ফোন। ‘ভাই, আমার নাচটা বেশ কঠিন। আজ মহড়ায় মিম না থাকলে বিপদে পড়ে যাব।’ গত দুই দিন একা একা মহড়া করেছেন সিয়াম। শুটিং থাকার কারণে মিম মহড়ায় অংশ নিতে পারেননি। মিম অবশ্য তারও আগে এক দিনেই তাঁর অংশ উঠিয়েছেন। নাচে পারদর্শী হওয়ায় মিমের কাছে এটি যেন দুধভাত।
সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা হবে। তখন নিশো, মেহজাবীন, তিশার মহড়া চলছে। এর মধ্যে সিয়ামের প্রবেশ। তাঁকে দেখে মহড়ার সবাই চিৎকার দিলেন। অনেকে বলছিলেন, ‘আরে সিয়ামকে তো চেনাই যাচ্ছে না।’ অনেক শুকিয়েছেন। পাশ থেকে সিয়ামের উদ্দেশে একজনের প্রশ্ন ভেসে এল—কত কেজি?
হাসতে হাসতে সিয়াম বলেন, ‘৬৮ কেজি। তবে এই ওজন কমানোর কারণও তো আছে। এখন বলা যাবে না।’ এভাবে প্রায় মিনিট বিশেক অন্য সহশিল্পীদের সঙ্গে হাসি-ঠাট্টা, খুনসুটিতে মশগুল সিয়াম। এরই মধ্যে মিমের প্রবেশ। তাঁকে নিয়ে মহড়াকক্ষের এক পাশে গেলেন সিয়াম।
এ সময় হঠাৎ গত বছরের আলোচিত তেলেগু ছবি পুষ্পার নায়ক আল্লু অর্জনের মতো করে করে সিয়ামের থুতনিতে হাত বুলিয়ে দিলেন মিম। আচমকা মিমের এমন আচরণে সিয়াম একটু লজ্জা লজ্জা পাচ্ছিলেন। হাসতে হাসতে মিমকে সিয়াম বলছিলেন, ‘আরে, হাত দিয়ো না তো! হাত দিয়ো না।’ মিমও নাছোড়বান্দা। একপর্যায়ে মিম মজা করেই বলে বসলেন, এমন করো কেন? তুমি তো আমাদের আল্লু অর্জন...।