একা মায়ের চরিত্রে মিথিলা

‘মায়ের চরিত্রে অভিনয়ে আমার দুর্বলতা আছে। আগে বিজ্ঞাপনচিত্রে এই কাজ করেছি। এবার টেলিছবিতেও অভিনয় করে দারুণ অভিজ্ঞতা হয়েছে।’ বললেন অভিনেত্রী, মডেল ও গায়িকা মিথিলা।
ঠিকানা নামের একটি টেলিছবিতে একজন একা মায়ের চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। বললেন, এমনটা এর আগে হয়নি।
এবারের বৈশাখে একটিমাত্র নাটকে পাওয়া যাবে তাঁকে। পেশাগত কারণে বেসরকারি উন্নয়ন সংস্থার কাজ নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকতে হয় অভিনেত্রী মিথিলাকে। তারপর একমাত্র মেয়েকে সময় দেওয়া। তাই অভিনয়ে খুব একটা সময় দিতে পারেন না। অনেক প্রস্তাব থাকলেও সাধারণত ঈদ, ভালোবাসা দিবস ও বাংলা নববর্ষের নাটকে এখন তাঁকে দেখা যাচ্ছে।
শুধু পছন্দসই গল্পের নাটক ও টেলিছবির জন্য ছুটির দিনে শুটিংয়ের সময় বের করে নেন মিথিলা। ঠিকানা তেমনই একটি পছন্দের গল্প, বললেন তিনি। তাঁর কথায়, ‘গল্পটা ইউনিক। একজন একা মাকে যেসব মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়, এই নাটকে সেটাই তুলে ধরা হয়েছে। খুবই চ্যালেঞ্জিং চরিত্র। এমন চরিত্রে কখনোই আমি অভিনয় করিনি।’
মিজানুর রহমান পরিচালিত ঠিকানা টেলিছবিতে মিথিলার বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। অভিনয়ের পাশাপাশি গানও গেয়েছেন মিথিলা। গত বুধবার ঢাকার মোহাম্মদপুরের একটি স্টুডিওতে কণ্ঠ দেন তিনি। ‘আমার জমাট মেঘে হাওয়া লেগে’ কথার গানটিতে তাঁর সহশিল্পী তাহসীন আহমেদ। তিনি গানটির সুর ও সংগীত পরিচালনার কাজটিও করেছেন। গানের কথা লিখেছেন সোমেশ্বর অলি।
তাহসীনের সঙ্গে এবারই প্রথম কাজ করার অভিজ্ঞতা হয়েছে মিথিলার। নবাগত এই গায়ক ও সংগীত পরিচালকের কাজে মুগ্ধ তিনি। বললেন, ‘খুব সুন্দর একটা সুর হয়েছে। আর সে দারুণ গেয়েছেও। আমার কাছে মনে হয়েছে, সে খুবই প্রতিভাবান। আমরা যে গানটি গেয়েছি, নিশ্চিত শ্রোতাদের ভালো লাগবে।’