পাবনার সংলাপ, বরিশালে শুটিং!

প্রেমের মরা নাটকের দৃশ্যে (বাঁ থেকে) শাহনাজ খুশী, সায়লা শাবি ও চঞ্চল চৌধুরী
প্রেমের মরা নাটকের দৃশ্যে (বাঁ থেকে) শাহনাজ খুশী, সায়লা শাবি ও চঞ্চল চৌধুরী

নাটকটির সংলাপ লেখা হয়েছে পাবনার ভাষায়। অার শুটিং হয়েছে বরিশালে। পরিচালকের মতে, নাটকের প্রয়োজনেই বরিশালে শুটিং করা। নাটকটির নাম প্রেমের মরা। লিখেছেন বৃন্দাবন দাশ। পরিচালনা করেছেন তাইফুর জাহান।
পরিচালক জানালেন, প্রেমের মরার শুটিং হয়েছে বরিশালের মুলাদী থানার রামচর গ্রামে। জয়ন্তী ও আড়িয়াল খাঁ নদের মোহনায়।
নাটকটির শুটিং নিয়ে পরিচালক বললেন, ‘আমাদের গল্পে নদী ও তীরবর্তী জায়গার দরকার ছিল। নদীতে অনেক শুটিং করেছি। তা ছাড়া এটা আমার জীবনের প্রথম কাজ। ইচ্ছে ছিল নিজের এলাকায় শুটিং করার। এ কারণে ওখানে এই জায়গা বেছে নেওয়া।’
আর নাটকের প্রধান কিছু চরিত্রে অভিনয় করেছেন শাহনাজ খুশী, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, আ খ ম হাসান, সায়লা শাবি, মাসুদ রানা।
নাটকটি নিয়ে চঞ্চল চৌধুরী বললেন, ‘অনেক পরিশ্রমের কাজ এটি। আমাদের নাটকের অভিনয়শিল্পী থেকে শুরু করে সব কলাকুশলী অনেক পরিশ্রম করেছেন। আর শুটিং লোকেশনটাও দারুণ। সব মিলিয়ে ভালো একটা কাজ হয়েছে।’
পরিচালক জানালেন, শিগগিরই নাটকটি টেলিভিশনে প্রচারিত হবে।