বাংলাদেশের নাটকে সমরেশ মজুমদার

‘পিছুটান’ নাটকের দৃশ্যে অপি করিম ও সমরেশ মজুমদার
‘পিছুটান’ নাটকের দৃশ্যে অপি করিম ও সমরেশ মজুমদার

বাংলাদেশের নাটকে অভিনয় করলেন ভারতের প্রখ্যাত লেখক সমরেশ মজুমদার। নাটকের নাম ‘পিছুটান’। পরিচালক শাহরিয়ার শাকিল। নাটকটি লিখেছেন কলকাতার সৌরভ সেনগুপ্ত।

‘পিছুটান’ নাটকে সমরেশ মজুমদার নিজ চরিত্রে অভিনয় করেছেন। নাটকের কাহিনিতে দেখা যাবে, কলকাতার মেয়ে প্রজ্ঞার সঙ্গে বাংলাদেশের একটি ছেলের পরিচয় হয়। প্রজ্ঞা বাংলাদেশে আসার আগে বাংলাদেশি ছেলেটির জন্য সমরেশ মজুমদারের লেখা একটি বই উপহার হিসেবে নিয়ে নেন। বইয়ের সঙ্গে বন্ধুর জন্য প্রিয় লেখকের অটোগ্রাফও সংগ্রহ করে প্রজ্ঞা।

কলকাতার মেয়ে প্রজ্ঞার চরিত্রে অভিনয় করেছেন অপি করিম। সমরেশের সঙ্গে একই ফ্রেমে বন্দী হতে পেরে উচ্ছ্বসিত অপি বললেন, ‘সমরেশ মজুমদারের সঙ্গে বছর চারেক আগে ঢাকায় দেখা হওয়ার সৌভাগ্য হয়েছিল। তখন আমার “সাতকাহন” ধারাবাহিকে অভিনয় করার কথা ছিল। অবাক হয়েছি তিনি আমাকে এখনো মনে রেখেছেন! তা ছাড়া প্রিয় লেখক, যাঁর বই পড়ে বড় হয়েছি তাঁর সঙ্গে সময় কাটাতে পারাটা আশীর্বাদস্বরূপ। আর যদি হয় একই ফ্রেমে কাজ করতে পারার সুযোগ, সে আনন্দ বলে বোঝানো সম্ভব না।’

গতকাল শনিবার সকালে কলকাতায় নাটকের শুটিংয়ে অংশ নেন সমরেশ মজুমদার। আগামী ২৪ থেকে ৩০ অক্টোবর ঢাকার বেশ কয়েকটি স্থানে এর দৃশ্যধারণ হবে। এসব দৃশ্যে অংশ নেবেন আলী যাকের, ইরেশ যাকেরসহ আরও অনেকেই।
নাটকটির পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘গল্পের প্রয়োজনে ‘‘পিছুটান’’ নাটকে সমরেশ মজুমদারকে প্রয়োজন ছিল। এখানে তিনি অতিথি চরিত্রে অভিনয় করেছেন। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের।’
সমরেশ মজুমদার সর্বশেষ অভিনয় করেছিলেন ১৯৮৪ সালে। নিজের লেখা ‘তেরো পার্বণ’ নামের একটি ধারাবাহিক নাটকে। এরপর তাঁকে আর অভিনয়ে দেখা যায়নি।