শখ-জায়েদ-শিলা যাচ্ছেন সারদায়

চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান, শিরিন শিলা আর মডেল-অভিনেত্রী শখ যাচ্ছেন রাজশাহীর সারদায়, বাংলাদেশ পুলিশ একাডেমিতে! নতুন কোনো ছবির শুটিংয়ে? নাকি অন্য কোনো বিষয়? অবশেষে বিষয়টা পরিষ্কার করলেন জায়েদ খান নিজেই। তিনি জানালেন— ১০ সেপ্টেম্বর ৩৩তম বিসিএস অফিসারদের কোর্স সমাপনী অনুষ্ঠান হবে সেখানে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ তারিখ বিকেলে অনুষ্ঠিত হবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।’ এই অনুষ্ঠানেই চলচ্চিত্রের গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে গাইবেন; নাচবেন তাঁরা।
অনুষ্ঠান প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘৮টি ছবির ৮টি গানের ও একটি দেশের গান হৃদয়ে আমার বাংলাদেশ-এর অংশবিশেষ নিয়ে ১২ মিনিটের একটি মেডলি তৈরি করা হয়েছে। ওই মেডলির সঙ্গে পারফরম্যান্স করব। সারদার পুলিশ একাডেমির এ অনুষ্ঠানে অংশ নেওয়া আমার জন্য নতুন অভিজ্ঞতা হবে।’
এর আগেও এ ধরনের অনুষ্ঠানে একবার নাচে অংশ নিয়েছেন শখ। তিনি বলেন, ‘এ ধরনের অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ সব সময় হয় না। এটি খুবই সম্মানজনক একটি অনুষ্ঠান।’
পুলিশ একাডেমিতে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যেসব ছবির গানে তাঁরা নাচবেন, সেই ছবিগুলো হলো—বিয়ের ফুল, অন্তরে অন্তরে, স্বপ্নের পৃথিবী, প্রেম করব তোমার সঙ্গে, তোকে ভালোবাসতেই হবে, বিনি সুতার মালা, নারীর মন ও আত্মগোপন।
রাজধানীর রামপুরা ফ্লাই ডান্স একাডেমিতে বর্তমানে সারদায় অনুষ্ঠিতব্য সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে মেডলির মহড়া চলছে। এ অনুষ্ঠানে নাচের কোরিওগ্রাফার হিসেবে কাজ করছেন চলচ্চিত্রের নৃত্যপরিচালক মাসুম বাবুল।