পর্দায় আসছে কিম সে–রনের শেষ সিনেমা
প্রয়াত কোরীয় অভিনেত্রী কিম সে-রন অভিনীত শেষ সিনেমা ‘এভরিডে উই আর’ মুক্তি পাচ্ছে ৪ মার্চে।
২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি ২৪ বছর বয়সে মারা গেছেন কিম। মৃত্যুর বছরখানেক পর ছবিটি মুক্তির ঘোষণা এল।
সিনেমায় একদল কিশোর-কিশোরীর প্রথম প্রেমের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। এতে ইয়ো-উল নামের এক শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেছেন কিম সে-রন। শৈশবের এক বন্ধুকে প্রেমের প্রস্তাব দেয় চরিত্রটি।
ছবিটির শুটিং শেষ হয়েছিল ২০২১ সালে। ২০২২ সালের মে মাসে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনায় বিতর্কের মুখে পড়েছিলেন কিম। ফলে ছবিটির মুক্তি আটকে যায়।
তখন তাঁকে ২০ মিলিয়ন ওন (প্রায় ১৪ হাজার ডলার) জরিমানা করা হয়। বিতর্কের মুখে ইন্ডাস্ট্রি থেকে অনেকটা বিচ্ছিন্ন করে পড়েছিলেন তিনি। ২০২৩ সালে নেটফ্লিক্সের সিরিজ ‘ব্ল্যাডহাউন্ডস’ সিরিজ দিয়ে কাজে ফেরেন তিনি।
২০০০ সালে জন্ম নেওয়া কিম সে-রন মাত্র ৯ বছর বয়সে অভিনয় শুরু করেন। ‘আ ব্র্যান্ড নিউ লাইফ’-এ অভিনয় করে খ্যাতি পেয়েছেন। ছবিটি তাঁকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়। এ সিনেমার জন্য কান উৎসবে অংশ নেন তিনি।
এরপর ধীরে ধীরে নানা বৈচিত্র্যময় কাজে সুযোগ পেয়েছেন কিম। ‘দ্য নেইবার’, ‘আ গার্ল অ্যাট মাই ডোর’ সিরিজগুলো তাঁর পরিচিতি আরও বাড়িয়ে দেয়। এরপর তিনি করেন ‘দ্য কুইনস ক্লাসরুম’, ‘হাই! স্কুল-লাভ অন’, ‘মিরর অব দ্য উইচ’-এর মতো আলোচিত সিরিজ।
২০১৮ সালে অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘দ্য ভিলেজার্স’ তাঁর খ্যাতি আরও বাড়িয়ে দেয়।
দ্য কোরিয়া হেরাল্ড অবলম্বনে