ভারতের কো-প্রোডাকশন মার্কেট ফিল্ম বাজারে বাংলাদেশের ‘খেকশিয়াল’ ও ‘রায়ার বিয়ে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিনেমাটি দুটির প্রাথমিক পোস্টার। ছবি: পরিচালকদের সৌজন্যে

ইন্ডিয়ান কো-প্রোডাকশন মার্কেটের নির্বাচিত হয়েছে বাংলাদেশের ‘খেকশিয়াল’ ও ‘রায়ার বিয়ে’ নামে দুটি সিনেমার চিত্রনাট্য। সিনেমা দুটি নির্মাণ করছেন গোলাম মুস্তাকিম ফাহিম ও মাকসুদ হোসাইন। আগামী ২০ থেকে ২৪ নভেম্বর ভারতের গোয়ায় বসবে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (ইফি)। সেখানে ফিল্ম বাজারের কো-প্রোডাকশনে অংশ নেবে নির্বাচিত ২০টি সিনেমা। ফিল্ম বাজার আয়োজনের উদ্যোক্তা ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বা এনএফডিসি।

প্রযোজক ও পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত
ছবি: ফেসবুক

চলতি বছর ফিল্ম বাজারে বিশ্বের ১১টি দেশের ২০টি সিনেমার চিত্রনাট্য নির্বাচিত হয়েছে। ‘খেকশিয়াল’ সিনেমার প্রযোজক রেজওয়ান শাহরিয়ার সুমিত বলেন, ‘এটা আমাদের সিনেমার জন্য দারুণ খবর। এর আগেও আমার মুক্তি পাওয়া “নোনা জলের কাব্য” এই বাজারে নির্বাচিত হয়েছিল। এবার প্রযোজক হিসেবে আমাদের প্রোডাকশন নির্বাচিত হওয়ায় বেশি খুশি। এই ফিল্ম বাজার থেকেই আমার “নোনা জলের কাব্য” সিনেমা প্রযোজক ও পরবর্তী সময়ে অন্যান্য সহযোগিতা পেয়েছিল। আশা করছি এবারও আমাদের সিনেমাটি এখান থেকে সহ-প্রযোজনাসহ অন্যান্য সুবিধা পাবে।’

চলচ্চিত্র নির্মাতা মাকসুদ হোসেন
ছবি : ফেসবুক

দুই বছর আগে ‘সাফা’ সিনেমা দিয়ে কো-প্রোডাকশন মার্কেটে অংশ নিয়েছিলেন পরিচালক মাকসুদ হোসাইন। এবার তিনি অংশ নিচ্ছেন দ্বিতীয় সিনেমার চিত্রনাট্য নিয়ে। তাঁর ‘রায়ার বিয়ে’ নির্বাচিত হয়েছে। তিনি বলেন, ‘এনএফডিসি ফিল্ম বাজার ইন্ডিয়ার সহযোগী প্রোডাকশন মার্কেট তরুণদের জন্য প্রধান প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। এই মার্কেট চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, পরিবেশকসহ অনেকের সঙ্গে পরিচয় ঘটিয়ে দেয়। সেখানে আমরা দ্বিতীয়বার অংশ নেওয়ার সুযোগ পেয়ে গর্বিত। প্রথমবারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আশা করছি এবার আমাদের সিনেমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। কারণ, আমরা কনটেন্টের ওপর বেশি গুরুত্ব দিয়েছি।’

পরিচালক গোলাম মুস্তাকিম ফাহিম
ছবি: ফেসবুক

আগামী ২০ নভেম্বর শুরু হতে যাওয়া ভারতের গোয়ায় অংশ নিচ্ছেন বাংলাদেশের সিনেমা দুটির প্রযোজক ও পরিচালকেরা। অতীত ভুলের জন্য মানসিক যন্ত্রণা মধ্য দিয়ে যেতে হয় একজনকে। এমন গল্প নিয়ে তৈরি হয়েছে ‘খেকশিয়াল’-এর চিত্রনাট্য। অন্যদিকে ‘রায়ার বিয়ে’ সিনেমার গল্প রায়াকে নিয়ে। যিনি একটি প্রতিষ্ঠানে মানবসম্পদ বিভাগে চাকরি করেন। হঠাৎ তাঁর বিয়ের দিন তৈরি হয় জটিলতা। সেটা নিয়েই এগিয়েছে সিনেমাটি।
চলতি বছর বাংলাদেশ ছাড়াও ফিল্ম বাজারে জায়গা করে নিয়েছে ভারত, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, জার্মানি, ফ্রান্স, পোল্যান্ড, লুক্সেমবার্গ ও ইসরায়েলের সিনেমা।