কোন নাটক দেখছে দর্শক

এপ্রিলের শুরু থেকেই ছোট পর্দার বৈচিত্র্যময় গল্পগুলোই বেশি দেখেছেন দর্শক। রোমান্টিক, কমেডি, পারিবারিকসহ নানা ঘরানার নাটক নিয়ে দর্শকের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। এ মাসে কোন নাটকগুলো দর্শক পছন্দের শীর্ষে জায়গা করে নিয়েছে, চলুন দেখে নিই।

‘পরান পাখি’ নাটকের পোস্টার

১. পরান পাখি
অসুস্থ কন্যাকে বাঁচানোর গল্প নিয়ে নাটক পরান পাখি। দিন দিন সবাই ভাইরাল আর টিআরপির দিকে ঝুঁকছেন। যেখানে মানবিকতার জায়গা কম। পরান পাখিতে এমন বার্তা দেওয়া হয়েছে। মুশফিক ফারহান ও কেয়া পায়েল অভিনীত নাটকটি দর্শক পছন্দ করেছেন। এটি পরিচালনা করেছেন মিফতাহ্ আনান। নাটকটি এ মাসের শুরুর দিকে প্রকাশ পেয়েছে। এ সময়ে দেখেছেন ৮০ লাখ দর্শক।

‘কসম’ নাটকের পোস্টার

২. কসম
ঈদে সবচেয়ে বেশি আলোচিত ছিল ফারহান আহমেদ জোভান–তানজিম সাইয়ারা তটিনী জুটি। গত এক সপ্তাহে তাঁদের অভিনীত কসম নাটকটি সবচেয়ে বেশি দেখেছেন দর্শক। নাটকের ভিউ ৭১ লাখ। এটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম। কাজিনকে কলেজে পৌঁছে দিতে গিয়েই গ্রামের কলেজের একটি মেয়ের প্রেমে পড়ার গল্পটি দর্শকেরা পছন্দ করেছেন। গল্পের পাশাপাশি নাটকের লোকেশনও নজর কেড়েছে।

‘প্রেমাতাল’ নাটকের পোস্টার

৩. প্রেমাতাল
অনুরাগ, চুপকথা, লাভ রেইন নাটকগুলো দিয়ে আলোচনায় আসেন তৌসিফ মাহবুব ও নাজনীন নীহা জুটি। এবার তাঁদের প্রেমাতাল নাটকটি দর্শক পছন্দ করেছেন। দুই দিনেই এটি দেখেছেন ২৫ লাখ দর্শক। নাটকটি পরিচালনা করেছেন হাসিব হোসেন। মায়ের সেলাইকাজে সহায়তা করেন তরুণ ছেলে। এক তরুণীর বাসায় পোশাকের মাপ নিতে যান ছেলে। পরে সেই তরুণীর সঙ্গেই প্রেম হয়ে যায়।

আরও পড়ুন
মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা নাটকে অভিনয় করেছেন

৪. গরিবের সুন্দরী বউ
গ্রামে কৃষিকাজ করে কাশেম (মোশাররফ করিম)। গ্রামের সবাই তাঁর স্ত্রীর (নীলাঞ্জনা নীলা) সৌন্দর্যের প্রশংসা করে। কিন্তু কাশেম এটা মেনে নিতে পারে না। এই নিয়ে সংসারে দ্বন্দ্ব লেগেই থাকে। তাইফুর জাহান পরিচালিত নাটকটি ৯ দিনে ৩২ লাখ দর্শক দেখেছেন। লিখেছেন আল আমিন স্বপন।

‘পুতুলের বিয়ে’ নাটকের পোস্টার

৫. পুতুলের বিয়ে
প্রচারের পর থেকেই আলোচনায় পুতুলের বিয়ে। নাটকটিতে স্পেশাল চাইল্ডের চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। বয়সে বড় হলেও যার মানসিক অবস্থা শিশুদের মতো। শিশুদের সঙ্গে খেলতে গিয়েই নানা দুর্ঘটনা ঘটায়। তাকে ঘিরে নানা অভিযোগ। এই মেয়েই একসময় হারিয়ে যায়। তার বিয়ের গল্প নিয়েই নাটক পুতুলের বিয়ে। এটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার। লিখেছেন আহমেদ তৌকির। নাটকটি এক সপ্তাহে ১৬ লাখ দর্শক দেখেছেন।