চলে গেলেন ‘লাল নীল বেগুনী’ অভিনেতা
অভিনেতা বৈদ্যনাথ সাহা মারা গেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়েছে। অভিনেতার মৃত্যুর খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। জানান, বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বৈদ্যনাথ সাহা। যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন।
যশোরে মঞ্চ দিয়ে ক্যারিয়ার শুরু করেন বৈদ্যনাথ সাহা। বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ক্যামেরার সামনে অভিনয় শুরু করেন আশির দশকে। ‘নদী থেকে সমুদ্রে’, ‘এ মধুর খেলা’, ‘শ্রাবণে বসন্ত’সহ অনেক নাটকে কাজ করেছেন। জাহিদ হাসান পরিচালিত ‘লাল নীল বেগুনী’ ধারাবাহিক নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন বৈদ্যনাথ।
একাধিক জনপ্রিয় বিজ্ঞাপনচিত্রেও দেখা গেছে বৈদ্যনাথকে। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত একটি মুঠোফোন অপারেটরের বিজ্ঞাপনচিত্র তাঁকে পরিচিতি এনে দেয়।
সিনেমায়ও অভিনয় করেছেন বৈদ্যনাথ সাহা। ‘শত্রু শত্রু খেলা’, ‘কোটি টাকার কাবিন’, ‘নীতিবান অফিসার’, ‘মিশন এক্সট্রিম’, ‘অপারেশন সুন্দরবন’সহ অনেক সিনেমায় দেখা গেছে তাঁকে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘বাপজানের বায়স্কোপ’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে ছিলেন বৈদ্যনাথ।