বাবা মারা যাওয়ার পর থেকে আমি কাঁদি না, বললেন অপি
অভিনেত্রী অপি করিমের জন্মদিন আজ ১ মে। তবে জীবনের এই বিশেষ দিনটিতে কোনো আনন্দ বা উচ্ছ্বাস নেই তাঁর মনে। প্রিয়জন হারানোর বেদনায় নিজের বিশেষ দিনটিকে যেন নতুন করে উপলব্ধি করছেন তিনি—প্রথম আলোর সঙ্গে আলাপে উচ্ছ্বাসের বদলে প্রার্থনা আর শূন্যতার কথাই উঠে এসেছে তাঁর কণ্ঠে।
অপি করিম জানান, এটি তাঁর বাবাকে ছাড়া কাটানো পঞ্চম জন্মদিন। শুধু বাবাই নন, স্বামীর পরিবারেরও অভিভাবক হারিয়েছেন তিনি। যার ফলে জন্মদিনের আনন্দগুলো আর আগের মতো আনন্দ নিয়ে আসে না। বরং এই দিনে চলে যাওয়া প্রিয় মানুষদের কথাই বারবার তাঁর মনে পড়ে।
বাবার কবরের সামনে গিয়ে দোয়া করে জন্মদিনের সকাল শুরু হয়েছে অপি করিমের। সারা বছর কান্না চেপে রাখার চেষ্টা করলেও আজ আর পারেননি। অপি করিম বলেন, ‘বাবা মারা যাওয়ার পর থেকে আমি কাঁদি না। কারণ, বাবা আমাদের কান্না একদমই দেখতে পারতেন না। কিন্তু আজ বাবার কবর জিয়ারত করতে গিয়ে নিজেকে আর ধরে রাখতে পারিনি। যখনই উপলব্ধি করেছি বাবাকে আর কখনো ফিরে পাব না, হাউমাউ করে কেঁদেছি।’
জন্মদিনে ব্যক্তিগত কোনো চাওয়ার চেয়ে এখন প্রিয়জনদের সুস্থতাই অপি করিমের কাছে মুখ্য। অপি করিম বলেন, ‘পরিবারের অনেক প্রিয় মানুষ ও অভিভাবক বর্তমানে অসুস্থ। জন্মদিনে তাই সবচেয়ে বড় প্রার্থনা—পরিবারসহ সবার সুস্থতা আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটু শান্তি।’
শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন অপি করিম। কাজ করেছেন মঞ্চনাটকে। ১৯৯৯ সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় সেরা হন তিনি।