সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, মেনে নেওয়ার মতো নয়: সাদিয়া আয়মান
চাঁদাবাজির কারণে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন সালমান মুক্তাদির। রাতেই তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন। এই ঘটনা নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান।
আজ ভোররাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে সাদিয়া লিখেছেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিতে যা ঘটেছে, তা সত্যিই অত্যন্ত হৃদয়বিদারক এবং মেনে নেওয়ার মতো নয়! সালমানের মতো একজন মানুষ এমন আচরণের মোটেও প্রাপ্য নন। এত অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি আর দেখলেও সেটা হজম করতে পারে না! কী লজ্জাজনক! কী দুঃখজনক!’
সাত ঘণ্টা আগে দেওয়া পোস্টে এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রতিক্রিয়া এসেছে ১২ হাজারের বেশি। মন্তব্য এসেছে এক হাজারের বেশি। মন্তব্যের ঘরে অনেকে যেমন ঘটনার নিন্দা জানিয়েছেন, অনেকে আবার সাদিয়ার পোস্ট ও সালমান মুক্তাদিরকে নিয়ে সমালোচনাও করেছেন। এসব মন্তব্যের জাবাবও দিয়েছেন সাদিয়া।
মন্তব্যের ঘরে সাদিয়া লিখেছেন, ‘কী পরিমাণে ফ্রাস্ট্রেটেড মানুষগুলা যে কমেন্ট করছে! আহারে! ঠিক যাদের উদ্দেশ করে পোস্টটি করা সেই অশিক্ষিতগুলাই চাঁদাবাজদের হয়ে কমেন্টে ফ্রাস্ট্রেশন ঝাড়ছে! আহারে! প্রত্যেকটা কমেন্ট আজীবন থেকে যাবে ডকুমেন্টেড হয়ে। তোদের বাবা, মা সন্তানরা দেখবে যে তুই কত বড় নোংরা মানুষ। আজীবনের জন্য স্বাক্ষর রেখে গেলি। আহারে!’