আজ ঈদ ‘ইত্যাদি’ আবার প্রচার হবে

ঈদের বিশেষ ‘ইত্যাদি’র শুটিংয়ে সংগীতশিল্পী ইমরান মাহমুদুল, নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত এবং চিত্রনায়িকা শবনম বুবলী। ফাগুন অডিও ভিশনের সৌজন্যে

ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রথম প্রচারের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। টেলিভিশনে প্রচারের পরপরই অনুষ্ঠানটির বিভিন্ন গান, নাট্যাংশ ও বিশেষ পর্বের ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফেসবুক ও ইউটিউবে এসব অংশ ঘুরে বেড়াচ্ছে, চলছে আলোচনা ও প্রশংসা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজ শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে পুনঃপ্রচার করা হবে ঈদের বিশেষ এই পর্ব। আয়োজকদের মতে, দর্শকদের আনন্দ–বিনোদনে ‘ষোলকলা পূর্ণ’ একটি আয়োজন হিসেবেই এবারের ‘ইত্যাদি’ বিশেষভাবে প্রশংসিত হয়েছে। রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

ঈদের বিশেষ ‘ইত্যাদি’র একটি দৃশ্য। ফাগুন অডিও ভিশনের সৌজন্যে

বরাবরের মতো অনুষ্ঠানটি শুরু হয়েছে ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গান দিয়ে। এবারে গানটির পরিবেশনায় যুক্ত হয়েছেন এমন কিছু মানুষ, যাঁদের ‘ঘর’ নেই—ঘরহারা এই মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার একটি মানবিক প্রয়াসই তুলে ধরা হয়েছে এই পরিবেশনায়।

দেশাত্মবোধক গানে কণ্ঠ দিয়েছেন নন্দিত শিল্পী সাবিনা ইয়াসমীন। তাঁর সঙ্গে ছিলেন মনির খান, আগুন, রবি চৌধুরী, ফাহমিদা নবী, আঁখি আলমগীর ও প্রিয়াংকা গোপ। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন আলী আকবর রুপু এবং সংগীত পরিচালনায় ছিলেন উজ্জ্বল সিনহা। গানটির নির্মাণে বৈচিত্র্য আনতে এস কে জাহিদের পরিচালনায় অর্ধশতাধিক নৃত্যশিল্পীর কোরিওগ্রাফি যুক্ত করা হয়।

ঈদের বিশেষ ‘ইত্যাদি’র একটি দৃশ্য। ফাগুন অডিও ভিশনের সৌজন্যে

এবারের পর্বে একটি ব্যতিক্রমধর্মী গান গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। গানটির কথা লিখেছেন এস এ হক অলিক, সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব নিজেই। অন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী ও সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। এই গানটির মাধ্যমেই গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন বুবলী। গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

বর্ণাঢ্য নৃত্য পরিবেশনায় অংশ নিয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা ও টিভি অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।
এবারের ‘ইত্যাদি’–তে দুটি ভিন্ন বিষয় নিয়ে দুটি বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামা পরিবেশিত হয়। একটি নাট্যাংশে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সারিকা সাবরিন, সজল নূর, কুসুম শিকদার, আরফান আহমেদ ও নাসির উদ্দিন খান। অন্যটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। সংগীত পরিচালনা করেছেন মেহেদী ও আকাশ মাহমুদ।

আরও পড়ুন

নৈতিকতা ও সামাজিক অবক্ষয় নিয়ে তৈরি দলীয় সংগীতেও ছিল আলাদা আকর্ষণ। এতে অংশ নিয়েছেন চিত্রনায়ক শরীফুল রাজ ও মডেল–অভিনেত্রী সাবিলা নূর। তাঁদের সঙ্গে নৃত্যে অংশ নেন ইত্যাদির নিয়মিত শিল্পীরা।

প্রতিবারের মতো এবারও দর্শক নির্বাচনপ্রক্রিয়ায় ছিল ভিন্নতা। ‘তালা’র প্রতীকী চিত্রের মাধ্যমে নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে বিশেষ পর্বে মুখোমুখি হন শক্তিমান অভিনেতা মোশাররফ করিম। তাঁর তাৎক্ষণিক অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।

ঈদের এই বিশেষ পর্বে শতাধিক বিদেশির অংশগ্রহণে পরিবেশিত হয়েছে একটি শিক্ষণীয় নাটিকা ও নৃত্য, যা দর্শকদের কাছে আলাদা মাত্রা যোগ করেছে। পাশাপাশি ছিল প্রায় ডজনখানেক বিদ্রূপাত্মক ও রসালো নাট্যাংশ, যেখানে দেশের শীর্ষস্থানীয় তারকারা অংশ নেন।

ঈদের বিশেষ ‘ইত্যাদি’র একটি দৃশ্য। ফাগুন অডিও ভিশনের সৌজন্যে