বিয়ে করতে চান না সুমন
সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ডনাটক, চলচ্চিত্র, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। তবে ছোট পর্দায় সবচেয়ে বেশি আগ্রহ থাকে নাটকে। নাটকের সংখ্যাও বেশি থাকে। তেমনই একটি নতুন নাটক ‘ভালোবাসি তোমায়’। দীপ্ত টিভিতে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ একক নাটক ‘ভালোবাসি তোমায়’ প্রচারিত হবে আজ ঈদের দ্বিতীয় দিন রাত ৮টায়।
নাটকের গল্পটি এ রকম, এত দিন সুমন বাবা-মাকে বুঝিয়েছিলেন, প্রেম করে বিয়ে করবেন। কিন্তু বিয়ের কোনো ইচ্ছা তাঁর ছিল না। কারণ, সুমন তাঁর বন্ধুবান্ধবের কাছ থেকে বিবাহিত জীবনের যে গল্প শুনেছেন, পুরোটাই তাঁর কাছে আতঙ্ক। সুমন মূলত চাননি বিয়ে করে পরিবারের শান্তি নষ্ট করতে! এখন উঠতে-বসতে মা-বাবা সুমনের শান্তি নষ্ট করছেন, বেশ কয়েক দিন ধরে সুমন মা-বাবা ঘুম থেকে ওঠার আগে অফিস চলে যান, আবার রাতে মা-বাবা ঘুমিয়ে পড়ার পর বাড়ি ফেরেন।
একদিন সুমনকে ধরার জন্য তাঁর বাবা রাত জেগে পাহারা দেন, বাড়ি ফিরে সুমন ধরাও পড়লেন। এখন সুমন বাবা-মায়ের ওপর বিয়ের দায়িত্ব দিয়ে ঘুমাতে গেলেন। পরদিন সুমন ঘুম থেকে ওঠার আগেই ঘটক হাজির বাসায়, তড়িঘড়ি করে পাত্রী ইরাকে খুঁজে পেতে অসুবিধা হলো না। শুরুর দিকে সুমন-ইরার দুজনের বিয়ের ব্যাপারে আপত্তি থাকলেও এখন সত্যিকার অর্থে দুজন দুজনের কাছে আসতে চান। দুই পরিবারের আত্মীয়স্বজনের মধ্যে বিয়ের আয়োজন শুরু হয়, হঠাৎ সুমনের ফুফু মেয়ের ছবি দেখে চিৎকার করে ওঠেন, এ মেয়েকে সুমনের বউ করে আনা হচ্ছে, এটা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না।
ইরারা সুমনের ফুফুর প্রতিবেশী ছিলেন, প্রেমসংক্রান্ত জটিলতার কারণে ইরার পরিবার বাধ্য হয়ে ওই এলাকা ছেড়ে চলে আসে। মুহূর্তে দৃশ্যপট পরিবর্তন সুমনের পরিবারের।
সুমনের মা ফোন করে ইরার মাকে বিয়ে বাতিল করে দেন। ভেঙে পড়ে ইরার পরিবার। সুমন ঘটনা জানার পর চেষ্টা করেন ইরার সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু পারেননি।
ইউসুফ আলীর লেখা নাটকটির পরিচালনা করেছেন। বি ইউ শুভ। নাটকে অভিনয় করেছেন তারিক আনাম খান, অপূর্ব, নীলাঞ্জনা নীলা, নিমা রহমান।