প্রায় দুই ঘণ্টা পর সেখানে গিয়ে দেখেন লেন্সটি পড়ে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ায় শুটিংয়ে অপূর্ব ও সাবিলা
ছবি : প্রথম আলো

‘ওই দিন ক্যাপ সোল্যান্ডারের লোকেশনে শুটিং শেষ করতে সন্ধ্যা হয়ে যায়। ওখান থেকে ফিরে আমরা সিডনি শহরের একটি বাসায় শুটিং করব। লাইট করা হয়ে গেছে। ক্যামেরা সেট করার সময় আর লেন্স পাওয়া যাচ্ছে না। তখন চিত্রগ্রাহকের মনে পড়ে, আগের লোকেশন থেকে লেন্স আনা হয়নি। প্রায় দুই ঘণ্টা পর সেখানে গিয়ে দেখেন লেন্সটি পড়ে আছে। ভাগ্যিস পাওয়া গিয়েছিল, না হলে সমস্যায় পড়তে হতো।’

সিডনি শহর, অপেরা হাউস, হারবার ব্রিজ, ক্যাপ সোল্যান্ডারের ছোট পাহাড়, সমুদ্রের ধার ও লেক ঘেঁষে নাটকগুলোর শুটিং হচ্ছে
ছবি : প্রথম আলো

অস্ট্রেলিয়ায় শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে একটি ঘটনার কথা বলছিলেন সাবিলা নূর। এবারই প্রথম দেশের বাইরে নাটকের শুটিংয়ে গেছেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। তা–ও একটি নয়, পাঁচটি নাটকের শুটিং করছেন অস্ট্রেলিয়ায়। সব কটি নাটকে তাঁর জুটি হয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার সিডনির বিভিন্ন লোকেশনে গত ৩০ মে শুটিং শুরু হয়েছে। গত সোমবার পর্যন্ত তিনটি নাটকের শুটিং শেষ হয়েছে। আগামীকাল আরও দুটি নাটকের শুটিং হবে।

দেশের বাইরে এবারই প্রথম নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন সাবিলা। তাই নানা অভিজ্ঞতাও হচ্ছে তাঁর। এ প্রসঙ্গে সোমবার বাংলাদেশের সময় বিকেল চারটায় অস্ট্রেলিয়া থেকে হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে তিনি বলেন, ‘আমি প্রথম দেশের বাইরে নাটকের শুটিংয়ে এসেছি।

সিডনি শহর, অপেরা হাউস, হারবার ব্রিজ, ক্যাপ সোল্যান্ডারের ছোট পাহাড়, সমুদ্রের ধার ও লেক ঘেঁষে নাটকগুলোর শুটিং হচ্ছে
ছবি : প্রথম আলো

বাজেটের কারণে দেশের বাইরে ছোট টিম নিয়ে কাজ করতে হয়। অভিনয়ের পাশাপাশি অভিনেতা–অভিনেত্রীদেরও কখনো কখনো ক্যামেরার পেছনে কাজ করতে হয়, টিমের সহযোগিতা করতে হয়। নিজের মেকআপ, হেয়ার স্টাইল নিজেই করতে হয়। প্রথম প্রথম কয়েক দিন একটু সমস্যা হচ্ছিল, এখন অবশ্য খাপ খাইয়ে নিতে পেরেছি। আর সমস্যা হচ্ছে না।’

সাবিলা বলেন, ‘শুটিংয়ের সময় আমি ও অপূর্ব ভাই দুজনই ক্যামেরার পেছনেও সহযোগিতা করছি। এই যেমন কখনো অপূর্ব ভাই লাইট ধরেছেন, আমি বুম ধরছি, বোর্ড ধরছি। নাটকের বাজেটের কারণে দেশের বাইরে ক্রুদের আনা সম্ভব নয়।’
সিডনি শহর, অপেরা হাউস, হারবার ব্রিজ, ক্যাপ সোল্যান্ডারের ছোট পাহাড়, সমুদ্রের ধার ও লেক ঘেঁষে নাটকগুলোর শুটিং হচ্ছে।

চলছে শুটিং
ছবি : প্রথম আলো

সাবিলা আরও বলেন, ‘লোকেশনগুলো খুবই সুন্দর, ক্যামেরা ধরলেই মন ভরে যায়। আউটডোরের সুন্দর সুন্দর লোকেশনসহ সিডনি শহরের কিছু বাসাবাড়িতে শুটিং করা হচ্ছে। তবে এখানে শীত। আউটডোরে শীতের মধ্যে একটু কষ্ট করেই শুটিং করতে হচ্ছে।’

অপূর্ব ও সাবিলার সঙ্গে সেখানকার স্থানীয় অনেকে নাটকগুলোতে অভিনয় করছেন। আগামী ঈদুল আজহায় দেশের টেলিভিশন ও ইউটিউবে নাটকগুলো প্রচারিত হওয়ার কথা।

অস্ট্রেলিয়ায় শুটিংয়ে অপূর্ব ও সাবিলা
ছবি : প্রথম আলো

শুটিং শেষে ১৮ জুন দেশে ফেরার কথা আছে সাবিলার। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় আমার ভাই-ভাবি থাকেন। যুক্তরাষ্ট্রে থাকেন আমার বোন ও দুলাভাই। আমার কারণে বোন ও দুলাভাই অস্ট্রেলিয়া আসবেন। প্রায় ছয় বছর পর আমরা তিন ভাইবোন একসঙ্গে হতে যাচ্ছি। সময়টা দারুণ কাটবে, অনেক মজা হবে।’