চমকের জীবনের শেষ ইচ্ছা ও ৬০ বছরে কিশোরী
মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ২০২৪ সালের জুনে আজমান নাসিরের সঙ্গে তাঁর বিয়ের খবর প্রকাশ্যে আনেন। ৯ টাকা দেনমোহরের সেই বিয়ের মাধ্যমে চমক সবাইকে চমকে দিয়েছিলেন। বিয়ের পর স্বামীকে নিয়ে তাঁর বিভিন্ন ফেসবুক পোস্ট হৃদয় ছুঁয়েছে ভক্তদের। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে স্বামীকে নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন চমক। সেখানে জীবনের শেষ ইচ্ছায়, তাঁর সঙ্গে বৃদ্ধ হতে চেয়েছেন।
ভালোবাসা দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে চারটি ছবি পোস্ট করেন চমক। স্বামীর উদ্দেশে চমক তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এখন আমার কাছে, ভালোবাসা মানে পুরোনো মানুষটাকে প্রতিদিন নতুন করে খুঁজে নেওয়া, পাশে থাকা, যত্ন করা। ভালোবাসার মাসে, প্রিয় মানুষটিকে বলতে চাই, আমার ৬০তম বসন্তে, আমার কুঁচকে যাওয়া হাত, তোমার হাতে রেখে বসন্ত বিকেল উদ্যাপন করতে চাই।’
স্বামীর সঙ্গে জীবনের কিছু ইচ্ছা নিয়ে চমক লিখেছেন, ‘নরওয়ের শেষ গ্রামে বসে একটা কফি, ক্রোসেন্ট খেতে খেতে দেখতে চাই অপার্থিব সূর্যাস্ত। তুমি অন্য মেয়ের দিকে তাকালে তোমার দিকে চোখ রাঙিয়ে তাকাতে চাই। শেল সিলভারস্টেইনের (মার্কিন লেখক) একটা কবিতা পড়তে পড়তে তোমার কাঁধে মাথা রেখে, ৬০ বছরে নিজেকে কিশোরী ভাবতে চাই।’
জীবনের শেষ ইচ্ছার কথা বলে চমক আরও লিখেছেন, ‘খুব সাধারণ কয়েকটা স্বপ্ন আমার। সবই মোটামুটি সৃষ্টিকর্তা পূরণ করেছেন। এখন শেষ ইচ্ছা তোমার সঙ্গে বৃদ্ধ হওয়ার। এটা পূরণ হলে আর কোনো আফসোস থাকবে না।’
পোস্টের শেষে খুনসুটি করে চমক লিখেছেন, ‘এখন এক কাপ চা বানিয়ে আনো তো। তাহলে কাল বাসায় তোমার প্রিয় খাবার রান্না হবে। বসন্ত আর ভালোবাসা দিবসের শুভেচ্ছা, প্রিয়।’