‘বাবা কি মিথ্যা বলেছে?’ এক শিশুর প্রশ্নে এগোয় ‘এক ভাগ কোরবানি’
বাংলাদেশের টেলিভিশন নাটকে ঈদের আগের দিন মানেই একসময় ছিল পরিবারের সবাইকে নিয়ে টিভির সামনে বসার বিশেষ আয়োজন। সেই আবহ এখন অনেকটাই বদলে গেলেও একটি জায়গায় ধারাবাহিকতা ধরে রেখেছেন নির্মাতা, নাট্যকার রেজানুর রহমান। ২৫ বছরের বেশি সময় ধরে দুই ঈদেই চ্যানেল আইয়ের অনুষ্ঠানমালায় ঈদের আগের দিনের জন্য তাঁর বিশেষ নাটক প্রচারিত হয়ে আসছে। সেই দীর্ঘ ধারাবাহিকতার অংশ হিসেবেই এবার নির্মিত হয়েছে নতুন নাটক ‘এক ভাগ কোরবানি’। আজ নাটকটি প্রচারিত হবে।
চ্যানেল আইয়ে প্রচারিত হতে যাওয়া নাটকটির গল্প গড়ে উঠেছে মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন, এক বাবার অসহায়ত্ব এবং ছোট্ট এক মেয়ের স্বপ্নকে ঘিরে। নাটকের কেন্দ্রীয় চরিত্র মোশারফ হোসেন। বিএ পাস করেও চাকরি জোটেনি তার। জীবিকার তাগিদে ঢাকার রাস্তায় ভাড়ায় মোটরসাইকেল চালান তিনি। গ্রামের বাড়িতে স্ত্রী ও ছোট্ট মেয়েকে নিয়ে তার সংসার।
রেজানূর রহমান নাটকের গল্পটার আভাস দিলেন। আশপাশের মানুষদের কোরবানি দিতে দেখে মোশারফের মেয়েটিও আবদার করে—এবার যেন তাদের ঘরেও কোরবানি হয়। সামর্থ্য না থাকলেও মেয়ের মুখের হাসির জন্য মোশারফ প্রতিশ্রুতি দেন, এবার তারা ভাগে কোরবানি দেবেন। বাবার কথায় অগাধ বিশ্বাস ছোট্ট মেয়েটির। তাই সে কোরবানি ঘিরে নিজের মতো করে স্বপ্ন দেখতে শুরু করে। এমনকি এলাকার অসহায় মানুষদের একটি তালিকাও তৈরি করে, যাতে কোরবানির মাংস তাদের মধ্যে বিলিয়ে দিতে পারে।
কিন্তু বাস্তবতা এত সহজ নয়। কোরবানির ভাগের টাকা জোগাড় করতে গিয়ে বিপাকে পড়ে মোশারফ। ঠিক যখন মনে হয় সব সমস্যার সমাধান হয়ে গেছে, তখনই বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়ে হারিয়ে ফেলেন সব টাকা। সময়মতো টাকা দিতে না পারায় কোরবানির দল থেকেও বাদ পড়ে যান তিনি। বাবার এই ভেঙে যাওয়া প্রতিশ্রুতি কিছুতেই মেনে নিতে পারে না তার মেয়ে। শিশুমনে জন্ম নেয় এক কঠিন প্রশ্ন—ছোটরা মিথ্যা বললে শাস্তি পায়, বড়রা পায় না কেন?
সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এক রাতে একা ঢাকাগামী বাসে উঠে বসে মেয়েটি। এরপরই গল্প মোড় নেয় অন্যদিকে।নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহাদাৎ হোসেন, নাজনীন হাসান চুমকি, শিশুশিল্পী তানায আজিম, হাফিজুর রহমান সুরুজ, সৈয়দ মোশাররফ, মণি কাঞ্চন, মিন্টু সরদারসহ অনেকে।আজ বুধবার অর্থাৎ ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে নাটকটি।