রাজ বললেন, ‘ছবিটা আমার মায়ের লাশ বহনের...’
পারিবারিক গল্পকে কেন্দ্র করে নির্মিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ শেষ হতে চলেছে। গত বছরের ৫ নভেম্বর থেকে শুরু হওয়া নাটকের প্রতিটি পর্বই দর্শকপ্রিয়তা পেয়েছে। শেষ সময়ে এসে নাটকের প্রতিটি পর্ব নিয়ে নাটকের ফেসবুক গ্রুপগুলোতে চলছে আলোচনা, অনেক দর্শকও ফেসবুকে নাটকের বিভিন্ন মুহূর্ত নিয়ে পোস্ট দিচ্ছেন। এবার নাটকের ৫০তম পর্বের একটি দৃশ্যে আবেগাপ্লুত হয়ে নিজের ব্যক্তিগত স্মৃতিচারণা করেছেন নাটকের নির্মাতা মোস্তফা কামাল রাজ।
গতকাল বুধবার মুক্তি পেয়েছে ধারাবাহিকটির ৪৯তম এপিসোড। যে পর্বটি কাঁদাচ্ছে দর্শকদের। যেখানে ফাহাদ (ইরফান সাজ্জাদ) ও সামিরের (খায়রুল বাসার) বাবার মৃত্যু দেখানো হয়েছে। এই এপিসোডটি ইউটিউবে মাত্র ৪৯ মিনিটে মিলিয়ন ছাড়িয়েছে। আর ১ ঘণ্টা ৪৯ মিনিটে রিয়েল টাইম ভিউ হয়েছে ২ মিলিয়ন।
৫০তম পর্বের দৃশ্যে দেখা যায়, বাবার লাশ খাটিয়ায় করে নিয়ে যাচ্ছেন ফাহাদ। আর এ দৃশ্যের সঙ্গে নিজের প্রিয় মানুষের লাশ বহনের স্থিরচিত্র সংযুক্ত করে রাজ লিখেছেন, ‘বাস্তব জীবনে যখন আপন মানুষের খাটিয়া কাঁধে নিয়েছিলাম, মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে ভারী ওজনটা বইছি। আজ ক্যামেরার পেছনে দাঁড়িয়ে সেই একই দৃশ্য যখন পরিচালনা করছিলাম, হৃদয়ের পুরোনো ক্ষতগুলো আবার নতুন করে জেগে উঠল। এটা শুধু একটি নাটক নয়, এটা এক সন্তানের পরিবারের প্রতি শেষ বিদায়ের একটুকরা জীবন্ত যন্ত্রণা।’
পোস্টটি নিয়ে প্রথম আলোকে রাজ বলেন, ‘ছবিটা আমার মায়ের লাশ বহনের, বাবার সময়ের কোনো ছবি ছিল না। তবে শুধু এ দৃশ্য নয়, নাটকে ফাহাদের বাবার মৃত্যুর সময়কার সব ঘটনা আমার বাবার মৃত্যুর সময়কার ঘটনা থেকে নেওয়া। সে সময় বাবার মৃত্যুর পর পরিবারের সত্য আবহ এতে উঠে এসেছে। শুটিংয়ের সময় মনিটরে চোখ রাখা আমার জন্য অনেক কষ্টের ছিল।
৫২ এপিসোডে শেষ হবে ‘এটা আমাদেরই গল্প’। নির্মাতা রাজ জানিয়েছেন, শেষ পর্বটি হবে বিশেষ মেগা এপিসোড।
প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আইয়ে প্রচারিত হচ্ছে নাটকটি। পরে এটি সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলেও প্রচার করা হয়। দীর্ঘ প্রায় সাত মাসের যাত্রা শেষে এবার নাটকটির সম্প্রচার পর্ব শেষ হচ্ছে।