অভিনেত্রী তানিয়া বৃষ্টি অস্ত্রোপচারের পর কেমন আছেন
দুই হাসপাতালে ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষার পর অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে গত রোববার বিকেলে চার ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার সম্পন্ন হয়। সোমবার সকালে তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে শারীরিক অবস্থা ‘মোটামুটি ভালো’ প্রথম আলোকে জানিয়েছেন নির্মাতা সকাল আহমেদ।
সকাল আহমেদের ভাষ্য, ‘চিকিৎসকেরা ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। একদম কম কথা বলার পরামর্শ দেওয়া হয়েছে। অস্ত্রোপচারের আগে যে শঙ্কা ছিল, আপাতত তা কেটে গেছে। কেবিনে নেওয়ার পর আমরা কয়েকজন সহকর্মী দেখতে গিয়েছিলাম।’
পরিবারের অনুরোধ
চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারে কোনো জটিলতা হয়নি। তবে পরবর্তী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন তারা।
পোস্ট-অপারেটিভ কিছু জটিলতার আশঙ্কা থাকায় এখনই পুরোপুরি বিপদমুক্ত বলা যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, হাসপাতালে অযথা ভিড় না করতে এবং অতিরিক্ত ফোনকল দিয়ে বিব্রত না করতে। এমন সংবেদনশীল সময়ে মানসিক স্থিতি ও পূর্ণ বিশ্রামই সবচেয়ে জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সবাইকে দোয়া করার আহ্বানও জানানো হয়েছে।
অসুস্থতার শুরু যেভাবে
পরিচালক সকাল আহমেদ জানান, বেশ কিছুদিন ধরে তানিয়া তীব্র মাথাব্যথা, জ্বর-ঠান্ডা ও শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন। প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব দেননি। কয়েক দিন আগে অবস্থার অবনতি হলে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার পরীক্ষা-নিরীক্ষায় ব্রেন টিউমার ধরা পড়ে। পরে ঢাকার আরেকটি হাসপাতালে পুনরায় পরীক্ষা করানো হলে একই ফলাফল আসে। এরপর সেখানেই অস্ত্রোপচার সম্পন্ন হয়।
অস্ত্রোপচারের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই লিখেছিলেন, ‘কাল আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই। ব্রেন টিউমার।’ তাঁর সেই পোস্ট ছড়িয়ে পড়তেই ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
সহকর্মীদের প্রার্থনা
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘তোমার জন্য প্রার্থনা প্রিয়। দ্রুত সুস্থ হয়ে ওঠো।’ সামিরা খান মাহি ফেসবুকে ছবি শেয়ার করে লিখেছেন, ‘হাসপাতালের বিছানায় নয়, তোমাকে আবার হাসিমুখে আমাদের মাঝে দেখতে চাই।’ অভিনেত্রী তমা মির্জাও দ্রুত আরোগ্য কামনা করেছেন। এ ছাড়া চয়নিকা চৌধুরী, কচি খন্দকার, তানিম রহমান অংশুসহ অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া চেয়েছেন। কেউ ভাগ করে নিয়েছেন কাজের স্মৃতি, কেউ শেয়ার করেছেন পুরোনো হাসিমুখের ছবি। প্রায় প্রতিটি বার্তায় একটাই প্রার্থনা—দ্রুত সুস্থ হয়ে উঠুন তানিয়া।
ব্যস্ত সময়ের মাঝেই থমকে যাওয়া
বর্তমান সময়ের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে তানিয়া বৃষ্টি অন্যতম। নিয়মিত নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। ২০১৫ সালে আকরাম খান পরিচালিত চলচ্চিত্র ‘ঘাসফুল’ দিয়ে বড় পর্দায় অভিষেক। ২০১৯ সালে মুক্তি পায় তাঁর অভিনীত ‘গোয়েন্দাগিরি’। দীর্ঘ বিরতির পর আবারও সিনেমায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। রায়হান খানের পরিচালনায় ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় কাজের কথাও ছিল। ঠিক এমন সময়েই অসুস্থতার খবর ভক্তদের উদ্বিগ্ন করে তোলে।