অভিনেত্রী টয়া যাকে সমর্থন করেন, সে-ই বাদ! আর্জেন্টিনা নিয়ে অভিজ্ঞতা ...

বিভিন্ন দলের জার্সিতে মুমতাহিনা টয়াকোলাজ

বিশ্বকাপ এলেই ফুটবল ভক্তরা নানান খুনসটিতে মেতে ওঠেন। বিনোদনের ছলে কুসংস্কার ও বিশ্বাস নিয়ে নানা চর্চা করেন। খেলা চলাকালে কত–কী ঘটনা, কাণ্ড ঘটে। কেউ নির্দিষ্ট জার্সি পরে খেলা দেখেন, কেউ আবার একই জায়গায় বসে পুরো খেলা উপভোগ করেন, নড়াচড়াও করেন না!। তবে মডেল ও অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়ার দুশ্চিন্তা অন্য রকম। তাঁর ধারণা, তিনি যে দলকে সমর্থন করেন, সেই দলই শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।

মুমতাহিনা চৌধুরী টয়া সবসময় জার্মানির সমর্থক
ছবি : টয়ার সৌজন্যে

আজ বুধবার সামাজিকমাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় নিজের এই মজার উপলব্ধির কথা জানান টয়া। টয়ার ভাষ্যে, এবারের বিশ্বকাপে তাঁর সমর্থনের দলগুলোর ফলাফলের কারণে অনেকে তাঁকে ‘কুফা ভক্ত’ বলেও ডাকছেন।

এবারের বিশ্বকাপ ফুটবলে নিজের সমর্থনের হিসাব দিয়ে টয়া জানান, প্রথমে তিনি জার্মানিকে সমর্থন করেছিলেন, যে দলের ভক্ত তিনি সব সময়ের। কিন্তু জার্মানি রাউন্ড অব ৩২-এ প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয়।

জার্মানির বিদায়ের পর মুমতাহিনা টয়া ব্রাজিল দলের সমর্থক হন
ছবি : টয়ার সৌজন্যে

এরপর ব্রাজিলকে সমর্থন করেন, তারাও টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। জাপানের ভালো খেলা দেখতে চাইলেও সেই দলও বেশিদূর যেতে পারেনি। একের পর এক এমন ঘটনায় অভিনেত্রীর মনে প্রশ্ন জেগেছে—এগুলো কি নিছক কাকতালীয়, নাকি সত্যিই তাঁর সমর্থন কোনো অদ্ভুত প্রভাব ফেলছে!

এই বিশ্বকাপে নিজের প্রিয় দল জার্মানির বিদায়ের পর আর্জেন্টিনার সমর্থনও করেছেন মুমতাহিনা টয়া
ছবি : টয়ার সৌজন্যে

ভিডিওতে টয়া বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, জীবনের এই নিরীক্ষাটা এবার সিরিয়াসলি করব। পরবর্তী যে দলটাকে সমর্থন করব, সেই দলও যদি বাদ পড়ে যায়, তাহলে আমি মেনে নেব, সমস্যাটা সত্যিই আমার! তাই এবার আমি আর্জেন্টিনাকেই সমর্থন করব। যদি আর্জেন্টিনা হেরে যায়, ফাইনালে উঠতে না পারে কিংবা শেষ পর্যন্ত বিশ্বকাপ জিততে ব্যর্থ হয়, তাহলে নিজেকে “কুফা ভক্ত” হিসেবেই মেনে নেব।’

মুমতাহিনা টয়া
ছবি : টয়ার সৌজন্যে

হাসতে হাসতে টয়া বলেন, ‘আর্জেন্টিনা সমর্থনের পর যদি এই দলও হেরে যায়, তার পর থেকে ফুটবল খেলা দেখাই বন্ধ করে দেব। একজন ফুটবলপ্রেমী হিসেবে যদিও এটা আমার জন্য খুবই হতাশার। কারণ, আমি ফুটবল ভীষণ ভালোবাসি, অথচ বারবার আমার সমর্থন করা দলগুলো টুর্নামেন্ট থেকে বিদায় নিচ্ছে। শুধু সামাজিকমাধ্যমেই নয়, আশপাশের অনেক মানুষও আমাকে “কুফা ভক্ত” বলে ডাকতে শুরু করেছে। তাই বিষয়টাকে আমি এখন একটা এক্সপেরিমেন্ট হিসেবেই দেখছি। তবে সবাইকে একটা অনুরোধ, আমাকে খুব বেশি বকাঝকা করবেন না, আর এখনই কুফা বলেও দেবেন না। আমার এই নিরীক্ষার ফলাফলটা আগে দেখা যাক!’

মুমতাহিনা টয়া
ছবি : টয়ার সৌজন্যে

ভিডিওর শেষ দিকে এবারের বিশ্বকাপ ফুটবলে একই অভিজ্ঞতার মুখোমুখি হওয়া সমর্থকদেরও দেখতে চেয়েছেন টয়া। তিনি বলেন, ‘আমার মতো যদি আর কেউ থেকে থাকো—যে দলকে সমর্থন করলেই সেই দল কোনো না কোনোভাবে বাদ পড়ে যায়, তাহলে ভিডিওর মন্তব্যে জানাও। আমাদের একে অপরকে দরকার। তাহলে অন্তত বুঝতে পারব, আমি একা, নাকি এমন “কুফা ভক্তদের” একটা পুরো দলই আছে!’

মুমতাহিনা টয়া
ছবি : টয়ার সৌজন্যে

মজার ছলে টয়া বলেন, ‘বিষয়টা আসলে মজার হলেও একটু কষ্টের। কারণ, নিজের পছন্দের দলগুলোর বিদায় দেখা কখনোই সুখকর নয়। তাই চলুন, এই নিরীক্ষাটা একসঙ্গে করি। দেখা যাক, শেষ পর্যন্ত আমরা সত্যিই কুফা ভক্ত কি না, নাকি সবই কাকতালীয় ঘটনা!’