তারকাদের অংশগ্রহণে আজ থেকে ‘টুইং GOAL–মাল’

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে তারকাদের অংশগ্রহণে আজ থেকে শুরু হচ্ছে রম্য-তর্ক অনুষ্ঠান ‘টুইং GOAL–মাল’। কোলাজ

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে তারকাদের অংশগ্রহণে আজ থেকে শুরু হচ্ছে রম্য-তর্ক অনুষ্ঠান ‘টুইং GOAL–মাল’। প্রথম আলো ডটকমের আয়োজনে ১০ পর্বের অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন স্ট্যান্ডআপ কমেডিয়ান আবু হেনা রনি। প্রতি পর্বে ফুটবলকেন্দ্রিক মজার ও ব্যতিক্রমী বিষয় নিয়ে মুখোমুখি হচ্ছেন দুজন জনপ্রিয় তারকা অতিথি। পছন্দের দল, খেলোয়াড় ও বিশ্বকাপের নানা ঘটনা নিয়ে জমজমাট আড্ডায় থাকছে হাস্যরস, যুক্তি এবং পাল্টা যুক্তি।

অনুষ্ঠানটির বিভিন্ন পর্বে অংশ নিয়েছেন অভিনয়শিল্পী খায়রুল বাসার, প্রার্থনা ফারদিন দিঘী, শরাফ আহমেদ জীবন, রাশেদ মামুন অপু, দিলরুবা দোয়েল, মুকিত জাকারিয়া, তানহা তাসনিয়া, উপস্থাপক নীল হুরেজাহান প্রমুখ। ম্যাচ জিততে চাপার জোরের চেয়ে পায়ের জোরই বেশি লাগে; তারকা খেলোয়াড় ছাড়া দল আলু ছাড়া কাচ্চির মতো; গোলকিপারের কারণেই দল জেতে; দল যাঁর যাঁর, মেসি–রোনালদো সবার; ফ্যানদের ভালোবাসা শুধুই দল জেতার ওপর নির্ভরশীল; যে দলের ট্রফির সংখ্যা বেশি, সে দলই সেরা; প্রতি বিশ্বকাপেই একজন করে ‘সর্বকালের সেরা’ হয়; আমরা সবাই ফুটবলের ‘হাইলাইটস ফ্যান’; হারে দল, দোষ হয় রেফারির এবং সম্পর্ক সুখের হয় বিশ্বকাপের পরে—এমন মজার সব বিষয়ে নিজেদের পক্ষে–বিপক্ষে তর্ক মাতবেন অতিথিরা।

প্রতিটি পর্ব শেষে দর্শকদের জন্য থাকছে কুইজ। উত্তর দিতে হবে সংশ্লিষ্ট ভিডিওর কমেন্ট বক্সে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে দৈবচয়নের ভিত্তিতে প্রতি পর্বে একজন বিজয়ী পাবেন আকর্ষণীয় পুরস্কার। এ ছাড়া একজন মেগা বিজয়ী পাবেন একটি স্মার্টফোন। অনুষ্ঠানটি দেখা যাবে প্রথম আলোর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। প্রথম পর্ব প্রচারিত হবে আজ রাত ৯টা ৩০ মিনিটে।