‘দ্য গ্লোরি’ জুটির প্রেম ভাঙল
পর্দায় পরিচয়, সেখান থেকে প্রেম। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সিরিজ ‘দ্য গ্লোরি’তে একসঙ্গে অভিনয় করতে গিয়ে সম্পর্কে জড়িয়েছিলেন লিম জি–ইয়ন ও লি দো–হিউন। সেই সম্পর্কের ইতি টেনেছে এই তারকা জুটি। প্রায় তিন বছর সাত মাস প্রেমের সম্পর্কে থাকার পর আলাদা হয়েছেন তাঁরা।
আজ মঙ্গলবার লি দো–হিউনের এজেন্সি ওয়াইএইচ এন্টারটেইনমেন্ট বিচ্ছেদের খবর নিশ্চিত করেছে। এজেন্সির এক কর্মকর্তা বলেন, ‘সম্প্রতি তাঁদের বিচ্ছেদ হয়েছে। তাঁরা ভালো সহকর্মী হিসেবে থাকার এবং একে অপরকে সমর্থন করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’
নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য গ্লোরি’তে কাজ করতে গিয়ে লিম ও লি দো–হিউনের পরিচয়। পরে সেই পরিচয় গড়ায় প্রেমে। ২০২৩ সালের এপ্রিলে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে জানান তাঁরা।
সম্পর্কের কথা জানানোর কিছুদিন পরই বাধ্যতামূলক সামরিক সেবায় যোগ দেন লি দো–হিউন। তাঁর সামরিক জীবনের পুরোটা সময় পাশে ছিলেন লিম জি–ইয়ন। এ সময় তাঁদের সম্পর্ক নিয়েও ভক্তদের আগ্রহ ছিল।
চলতি বছরের জুলাইয়েও একসঙ্গে গলফ খেলতে দেখা গিয়েছিল এই জুটিকে। অনলাইন কমিউনিটিতে তাঁদের গলফ খেলার খবর ছড়িয়ে পড়লে এক প্রত্যক্ষদর্শী লিখেছিলেন, ‘তাঁদের একসঙ্গে বেশ মিষ্টি লাগছিল।’
লি দো–হিউনের সামরিক সেবার সময় পেরিয়ে সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন তাঁরা। তবে শেষ পর্যন্ত একসঙ্গে পথচলা হলো না। বিচ্ছেদের পরও ভালো সহকর্মী হিসেবে একে অপরকে সমর্থন করে যাবেন বলে জানিয়েছে লি দো–হিউনের এজেন্সি।
কে এই লিম জি–ইয়ন
২০১১ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় অভিষেক হয় অভিনেত্রী লিম জি–ইয়নের। ২০১৪ সালে ‘হিউম্যান অ্যাডিকশন’ চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি।
তবে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘দ্য গ্লোরি’তে পার্ক ইয়োন–জিন চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক দর্শকের কাছে পরিচিতি পান। নেতিবাচক চরিত্রে তাঁর অভিনয় প্রশংসিত হয়। এরপর ‘লিজেন্ড অব দ্য ব্লু সি’, ‘রোজ ম্যানশন’ ও ‘দ্য কিলিং ভোট’–এর মতো সিরিজেও অভিনয় করেছেন তিনি।
কে এই লি দো–হিউন
দক্ষিণ কোরিয়ার অভিনেতা লি দো–হিউনের জন্ম ১৯৯৫ সালের ১১ এপ্রিল। ২০১৭ সালে টেলিভিশন সিরিজ ‘প্রিজন প্লেবুক’–এর মাধ্যমে অভিনয়জগতে অভিষেক হয় তাঁর। ‘হোটেল দেল লুনা’, ‘১৮ এগেইন’ ও ‘ইয়ুথ অব মে’ সিরিজে অভিনয় করে পরিচিতি পান তিনি।
তবে ‘দ্য গ্লোরি’তে জু ইয়ো–জিয়ং চরিত্রে অভিনয় লি দো–হিউনকে আন্তর্জাতিক দর্শকের কাছে আরও জনপ্রিয় করে তোলে। ২০২৩ সালে বাধ্যতামূলক সামরিক সেবায় যোগ দেন এই অভিনেতা। ২০২৫ সালে সামরিক দায়িত্ব শেষ করে অভিনয়ে ফেরেন তিনি।
এক্সপোর্টস নিউজ অবলম্বনে