শাড়ি নিয়ে প্রতারণার মামলা, মুখ খুললেন তানজিন তিশা

তানজিন তিশা। ফেসবুক থেকে

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা এক মামলায় অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ১২ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তাঁর বিরুদ্ধে সমন জারি করে আগামী ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিয়ে এত দিন চুপ থাকলেও অবশেষ মুখ খুললেন অভিনেত্রী। গতকাল বৃহস্পতিবার একটি পুরস্কার অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে কথা বলেন তিনি।

মামলার অভিযোগে বলা হয়, অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তানজিন তিশা। তবে পরে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করেন। এ ঘটনায় পেজটির প্রশাসক আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা করেন।

তানজিন তিশা
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

মামলাটি প্রসঙ্গে তিশা বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ জন্যই এত দিন কিছু বলেননি। তিশা বলেন, ‘আমি এই ইন্ডাস্ট্রিতে ১২-১৪ বছর কাজ করছি। ভালো-মন্দ মিলিয়ে কাজ করছি। আমার কাজের জায়গাটা কিন্তু আমি ধরে রেখেছি।’ এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে জানতে চান, তাঁর বিরুদ্ধে কবে লিগ্যাল নোটিশ জারি করা হয়? পরে তিনি নিজেই বলেন, ‘আমি যেদিন আমার সিনেমার শুটিং শুরু করি, তার ঠিক দ্বিতীয় দিনেই লিগ্যাল নোটিশ পাই। তার পাঁচ দিন না ছয় দিনের মাথায় আমার নামে মামলা হয়ে যায়। আমরা একটা কথা বলি না, কেউ যখন ওপরে উঠতে চায়, পেছনে কিছু মানুষ থাকে যারা ওপরে উঠতে পারবে না, পেছন থেকে টেনে ধরে। আমারও ঠিক একই অনুভূতি হয়েছে।’

তানজিন তিশা। ফেসবুক থেকে

এ সময় তিশা আরও বলেন, ‘আমি ১৪ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি একটা অনলাইন শপের ২৭ হাজার টাকার শাড়ি মেরে দেওয়ার জন্য? ২৭ হাজার টাকা মেরে দেওয়ার জন্য এত কষ্ট করে নিজেকে একটা জায়গায় দাঁড় করিয়েছি? এক ইন্ডাস্ট্রিতে একটা মেয়ের বা যেকোনো পুরুষতান্ত্রিক সমাজে কাজ করা কি আপনাদের কাছে খুব সহজ মনে হয়? অনেক সহজ কিছু না।’

আরও পড়ুন

সবশেষে তিশা জানান, তিনি পুরো প্রক্রিয়া আইনিভাবেই মোকাবিলা করবেন। এ বিষয়ে অনেক কিছু বলার থাকলেও আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এখন চুপ আছেন।
সামনে তিশাকে দেখা যাবে তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘সোলজার’-এ। সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটিতে তাঁকে দেখা যাবে শাকিব খানের বিপরীতে। সিনেমাটি চলতি বছরের অক্টোবরে মুক্তি পাবে।