আজ পর্দায় মেরিল-প্রথম আলো পুরস্কার
আজ রাত ৮টা ২০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ‘২৭তম মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫’। ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গত ২৪ এপ্রিল অনুষ্ঠিত আয়োজনটিতে উপস্থিত ছিলেন দেশের টিভি, চলচ্চিত্র ও সংগীতজগতের তারকারা। আয়োজনটি আজ রাত ৯টায় প্রথম আলোর ফেসবুক পেজ ও রাত ১০টায় ইউটিউব চ্যানেলেও প্রচারিত হবে।
মূল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। চলচ্চিত্র অভিনেতা এম এ আলমগীরকে দেওয়া হয় আজীবন সম্মাননা। ক্যারিয়ারের চার দশক পূর্তি উপলক্ষে সংগীতশিল্পী জেমসকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। তারকা জরিপ, সমালোচক ক্যাটাগরিতে জয়ী অভিনয়শিল্পী, নির্মাতা, চিত্রনাট্যকার ও সংগীতশিল্পীদের পুরস্কার তুলে দেওয়া হয়। ফাঁকে ফাঁকে ছিল দেশের জনপ্রিয় তারকাদের বৈচিত্র্যময় পরিবেশনা।
প্রতিবছরের মতো এবারও তারকাদের রেড কার্পেট হয়ে মূল অনুষ্ঠানে যেতে হয়েছে। এই রেড কার্পেট আয়োজনটি আজ সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে প্রচারিত হবে। রেড কার্পেট সঞ্চালনায় ছিলেন রুম্মান রশীদ খান ও মৌসুমী মৌ। তারকাদের ঝলমলে উপস্থিতি, খুনসুটি—এই সবকিছু নিয়ে এবারের রেড কার্পেটও ছিল বর্ণিল। রেড কার্পেট প্রযোজনা করেছেন জোবায়ের ইকবাল। মেরিল-প্রথম আলো পুরস্কারের মূল অনুষ্ঠান প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।