এবারও আর্জেন্টিনার কাপ নেওয়ার সম্ভাবনা বেশি: জাহিদ হাসান

ফাইনাল খেলা নিয়ে উচ্ছ্বসিত ও কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান
ছবি: কোলাজ

অপেক্ষার প্রহর যেন শেষ হতে চলেছে। আজ রাতে বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। দুই পরাশক্তির লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মতোই উচ্ছ্বসিত ও কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তাঁর মতে, দুই দলই দুর্দান্ত ছন্দে রয়েছে। তিনি মনে করেন, আগেভাগে নিশ্চিতভাবে কোনো দলকে বিজয়ী বলা কঠিন।

জাহিদ হাসান
ছবি : প্রথম আলো

ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত বোঝাপড়া এবং বড় ম্যাচ খেলার মানসিকতা কিছুটা বাড়তি সুবিধা দেবে।’

তবে বেশির ভাগ সময়ই ফাইনাল ম্যাচ সব সময়ই আলাদা হয়ে থাকে। অনেক বড় দলের খেলার ছন্দ থাকে না। আবার অনেক দল আশানুরূপ খেলে। অভিজ্ঞতা থেকে এ অভিনেতা আরও জানান, ‘এখানে ছোট একটি ভুলও ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। আমি ভালো একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছি।’

ম্যারাডোনার জন্যই তিনি আর্জেন্টিনাকে সমর্থন করেন
ছবি: ফেসবুক থেকে

ফাইনাল ম্যাচে কোনো দল কত গোল করতে পারে—এমন প্রশ্নে জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, ‘এটা বলা কঠিন। আমার মনে হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা ম্যাচে ১–শূন্য গোল হবে। আর্জেন্টিনা একটি গোল করবে। স্পেন কোনো গোল করতে পারবে না। আবার আরেকটি প্রেডিকশন আমার কাছে মনে হচ্ছে, গোলসংখ্যা আর্জেন্টিনা ৫, অন্যদিকে স্পেন ৪ গোল করবে।’

বরাবরই ফুটবলপ্রেমী হিসেবে পরিচিত জাহিদ হাসান। বিশ্বকাপ এলেই খেলা দেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। তাঁর প্রিয় দল আর্জেন্টিনা। ম্যারাডোনার জন্যই তিনি আর্জেন্টিনাকে সমর্থন করেন। বর্তমানে তিনি মনে করেন, মেসির আরেকটি বিশ্বকাপ নেওয়া উচিত। ফাইনাল ম্যাচে মেসি কতটি গোল করতে পারেন, এমন প্রশ্নে জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, ‘ফাইনাল ম্যাচে মেসিকে দিয়ে গোল করানোর চেয়েও সবাই চাইবে দলকে জেতাতে। হয়তো মেসি কোনো গোল না–ও করতে পারে।’

আরও পড়ুন
বেশ আগে আর্জেন্টিনার জার্সি গিয়ে জাহিদ হাসান
ছবি: ফেসবুক থেকে

জাহিদ হাসান জানালেন, এবারের আর্জেন্টিনার খেলা নিয়ে তিনি খুবই উচ্ছ্বসিত। মেসির ওপর প্রত্যাশা থাকলেও শেষ মুহূর্তে প্রত্যাশার চেয়ে ভালো খেলেছে মেসি। তিনি মনে করেন, এবারও আর্জেন্টিনার কাপ নেওয়ার সম্ভাবনা বেশি। জাহিদ হাসানের ধারণা সত্যি প্রমাণ করে আর্জেন্টিনা শিরোপা জিততে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়। কে হাসবে শেষ হাসি, সেটা রাতেই জানা যাবে। আর্জেন্টিনা ও স্পেনের ম্যাচটি হবে আজ রাত একটায়।