যেভাবে ঈদনাটকে পরীমনিরা
এক প্রেমিক জুটি সিনেমা দেখতে যাবে, নাটকে এমন একটি দৃশ্য ছিল। গল্পের প্রয়োজনে সেই সিনেমার একটি কাল্পনিক নাম দেওয়া হয়েছিল। কিন্তু সেই চিত্রনাট্য পরে বদলে গেল। সেই জায়গায় স্থান পেলেন পরীমনিরা। দায়বদ্ধতার জায়গা থেকে পরিচালক সাগর জাহান ‘মা’ সিনেমার প্রচারে ভিন্নভাবে পাশে দাঁড়ালেন।
পরিচালক সাগর জাহানের ঈদ ধারাবাহিক ‘বক্কর-২’–এর শুটিং চলছিল। শুটিংয়ে চিত্রনাট্য বদলে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘পরিচালক হিসেবে আমাদের একটা দায়িত্ববোধ থাকে। আমরা মিডিয়ায় কাজ করি। আমার সহকর্মীরাই সিনেমা বানাচ্ছেন। তাঁদের আমরা সব সময় সমর্থন করি। এবার নাটকে সিনেমা দেখার দৃশ্যটির শুটিং করতে গিয়ে মনে হলো, আমরা তো গল্পে অনেক সিনেমার নাম বলি। সম্প্রতি “মা” সিনেমাটি হলে মুক্তি পেয়েছে। সে সিনেমাই যদি আমার গল্পের অভিনয়শিল্পীরা দেখতে যান, তাহলে বিষয়টা আরও ভালো হয়। এভাবে আমরা একে অন্যকে সাপোর্ট দিতে পারি।’
‘বক্কর–২’ নাটকে অভিনয় করছেন চাষী ইসলাম, ইসতিয়াক আহমেদ রুমেল, নাদিয়া নদী, সিনথিয়া প্রমুখ। তাঁদের দৃশ্যটির বিহাইন্ড দ্য সিন শুট করে ফেসবুকে পোস্ট করেছেন পরিচালক সাগর জাহান।
সেখানে রুমেল ও নাদিয়া নদীকে দেখা যায়, পরীমনি অভিনীত সিনেমাটি দেখতে যাচ্ছেন। তাঁরা চাষী ইসলাম ও সিনথিয়াকে সিনেমাটি দেখার আহ্বান জানান। সাগর জাহান বলেন, ‘আমাদের সিনেমা আগের মতো দর্শক দেখছেন না। এখন ভালো সিনেমার সংখ্যা কম। তারপরও কিছু আর্টফিল্ম, গল্পনির্ভর ভালো সিনেমা হচ্ছে কিন্তু সেগুলো দর্শকদের কাছে আরও বেশি পৌঁছানো দরকার। সেই জায়গা থেকে আমরা যদি নিজেরা সিনেমার পাশে থেকে সহযোগিতা করতে পারি, সেটা কিছুটা হলেও সিনেমার জন্য ভালো হবে।’ গত শুক্রবার ঢাকার তিনটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অরণ্য আনোয়ারের ‘মা’।
‘আরমান ভাই’, ‘সেকেন্দার বক্স’ সিরিজগুলো দিয়ে সবচেয়ে বেশি আলোচনায় এসেছিলেন সাগর জাহান। সিনেমার পরিকল্পনা থাকলেও আপাতত নাটক নিয়েই তাঁর ব্যস্ততা। গত ঈদে তাঁর নির্মিত ‘বক্কর’ নাটকটি দর্শক পছন্দ করেছেন। এটি প্রচারিত হয়েছিল চ্যানেল নাইনে। সেই নাটকের দ্বিতীয় কিস্তি নির্মাণ করছেন সাগর জাহান।
গ্রামে বক্কর নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির গল্প নিয়েই নাটকটি। গ্রামের মানুষ একসময় জানতে পারেন, এই বক্করের বাবা ক্ষমতাবান রাজনৈতিক ব্যক্তি। বক্কর চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল। এ ছাড়া সাগর জাহানের ‘টিক্কা রিটার্ন’ ঈদে মাছরাঙায় প্রচারিত হবে।