প্রথমবার মেয়ের ছবি প্রকাশ করে অপূর্বর আবেগঘন পোস্ট

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব
ছবি: ফেসবুক থেকে

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে এই অভিনেতাকে ঘিরে। এবার মেয়ের প্রথম জন্মদিনে আবেগঘন এক ফেসবুক পোস্ট দিয়েছেন তিনি। মেয়েকে ভালোবাসা জানিয়ে লিখেছেন, ‘এক বছর আগে তুমি আমাদের জীবনে এসেছিলে, তারপর পৃথিবীর সবকিছুই বদলে গেছে।’

এর আগে গত বছর মেয়ের জন্মের খবর প্রথম ফেসবুকে পোস্ট করেছিলেন এই অভিনেতা। এবার মেয়ের জন্মদিনে ছবিসহ পোস্ট করে অপূর্ব লিখেছেন, ‘তোমাকে ভালোবাসার ৩৬৫ দিন। আমাদের ছোট্ট রাজকন্যাকে প্রথম জন্মদিনের শুভেচ্ছা।’ তাঁর মেয়ের নাম আনায়া।

অভিনেতা অপূর্ব ও শাম্মা দেওয়ান দম্পতির মেয়ে আনায়া মুকুট পরে
ছবি: ফেসবুক থেকে

মেয়ের জন্মের পর অপূর্বর জীবনটাই যেন বদলে গিয়েছে। কেমন কেটেছে এই এক বছর, সেই অনুভূতিও তুলে ধরেছেন অভিনেতা। তিনি লিখেছেন, ‘সময় কীভাবে চলে গেল, সত্যিই বুঝতে পারছি না। ঠিক এক বছর আগে আজকের দিনে তুমি আমাদের পৃথিবীতে এসেছিলে। আর সবচেয়ে সুন্দরভাবে সবকিছু বদলে দিয়েছিলে।’
মেয়েকে বড় হতে দেখা, তার চারপাশের পৃথিবীকে চিনতে শেখা, আর তার হাসি-আনন্দে ঘর ভরে ওঠার অভিজ্ঞতাকে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে উল্লেখ করেছেন অপূর্ব। এই অভিনেতার পোস্ট করা ছবিতে দেখা যায়, মেয়ের মাথায় ছোট্ট মুকুট। যেন অপূর্বদের হৃদয়ের রানির আসনে বসে আছে—এমন আবেগও প্রকাশ করেছেন এই অভিনেতা।

মেয়ের ছবি পোস্ট করেছেন অপূর্ব
ছবি: ফেসবুক থেকে

‘বড় ছেলে’খ্যাত এই অভিনেতা লিখেছেন, ‘তোমাকে বড় হতে দেখা, নতুন নতুন জিনিস আবিষ্কার করতে দেখা, আর তোমার মিষ্টতা ও হাসিতে আমাদের ঘর ভরে উঠতে দেখা—আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। আজ তোমার মাথায় হয়তো ছোট্ট একটি মুকুট শোভা পাচ্ছে, কিন্তু জন্মের ঠিক সেই মুহূর্ত থেকেই তুমি আমাদের হৃদয়ের মুকুট পরে আছ।’

আরও পড়ুন
বিয়ের ছবিতে স্ত্রীর সঙ্গে অভিনেতা অপূর্ব
ছবি: ফেসবুক থেকে

পোস্টের শেষে মেয়ের জন্য শুভকামনা জানিয়ে অপূর্ব লিখেছেন, ‘শুভ প্রথম জন্মদিন, আমার মিষ্টি ছোট্ট মেয়ে! তোমার জীবন যেন তোমার মতোই উজ্জ্বল, জাদুময় ও অমূল্য হয়ে ওঠে।’

জিয়াউল ফারুক অপূর্ব ২০২১ সালের ৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের চার বছর পর এই দম্পতি বাবা–মা হন। গত বছর ডিসেম্বরে তিনি বাবা হওয়ার খবর প্রকাশ্যে আনেন।