‘তটিনী হাল ছাড়ে না’ বললেন তৌসিফ
‘মন দুনিয়া’ ঘিরে নতুন করে আলোচনায় তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী। মাত্র দুই দিনেই নাটকটি অর্জন করেছে কোটি ভিউ।
এত অল্প সময়ে নাটকটির ভিউ কী করে কোটি হলো, রহস্য কোথায়—এমন প্রশ্নে তটিনী হেসে বলেন, ‘আমার মনে হয় ভালো কনটেন্ট, যে কারণে ভালো যাচ্ছে।’ কিছুটা থেমে তিনি বলতে থাকেন, ‘দর্শকদের কখন কোনটা পছন্দ হবে বলা মুশকিল। তারপরও নিজের অভিজ্ঞতা আছে। দর্শকদের কথা ভেবে, বুঝেশুনে গল্প বাছাই করতে হয়। আমাদের কাছে অনেক গল্প আসে। সেগুলো পড়লেই একটা ধারণা পাওয়া যায়, কোনটা দর্শক কীভাবে নিতে পারেন। তবে গল্পটা অবশ্যই গতানুগতিক হওয়া যাবে না।’
তৌসিফ জানান, গল্প, উপস্থাপনা ভালো হলে সেই কাজ দর্শক বেশি দেখেন। ‘সত্য বলতে এখানে কোনো জাদু নেই। জাদুর কথা যদি বলতেই হয়, তাহলে বলতে হবে গল্প, চরিত্র, অভিনয়, উপস্থাপনার কথা। গল্পটা ঠিক থাকলে সেটা দর্শকদের কাছে পৌঁছায়। এ জন্য পরিচালক (ইমরাউল) রাফাত ভাইকে ধন্যবাদ।’
কী আছে নাটকের গল্পে? বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আবিরের সঙ্গে তুলির পরিচয়। পরিচয় থেকে বন্ধুত্ব ও প্রেম। তবে পারিবারিক বিরোধিতা, ভুল-বোঝাবুঝি ও বাবার দেওয়া শর্তে জটিল হয়ে ওঠে তাঁদের সম্পর্ক। একপর্যায়ে বিচ্ছেদ। দুই তরুণ–তরুণীর ভালোবাসার শেষ পরিণতি কী? এমন গল্পের নাটকে আবির ও তুলি চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ–তটিনী।
তিন বছর একসঙ্গে অভিনয় করছেন তৌসিফ ও তটিনী। এ সময়ে তাঁরা ৩০টির মতো নাটকে অভিনয় করেছেন। একসঙ্গে দর্শক তাঁদের পছন্দ করলেও জুটিতে বিশ্বাসী নন তৌসিফ। তিনি বলেন, ‘আমি আর তটিনী ব্যাক টু ব্যাক বেশ কিছু কাজ করেছি। দর্শক কাজগুলো পছন্দ করেছেন। একটি কাজ ভালো হওয়ার জন্য সহশিল্পী গুরুত্বপূর্ণ। তবে এর মানে এই না জুটি হলেই একটি কাজ দর্শক গ্রহণ করবেন। তাহলে কিন্তু এ পথেই সবাই হাঁটতেন। দিন শেষে গল্পটাই আসল। তবে একসঙ্গে অভিনয় করলে বড় সুবিধা সহশিল্পীদের মধ্যে বোঝাপড়াটা ভালো থাকে। অনেক সময় বুঝতে পারি, কীভাবে কাজটি আরও ভালো করা যায়।’
সহশিল্পী তটিনী সম্পর্কে বলতে গিয়ে তৌসিফ জানান, কোনো একটি দৃশ্যের শুটিং শেষ। পরিচালকের কাছে সব কিছু ঠিকঠাক মনে হয়েছে। কিন্তু তটিনীর কাছে মনে হয়েছে, দৃশ্যটির কোনো অংশ মনমতো হয়নি। ‘তটিনীর মনমতো শুটিং না হলে বোঝা যায়। তটিনী নিজেই বলে, “তৌসিফ ভাইয়া সিনটা চলো আবার করি।” আবার শুটিং হয়। তটিনী তাঁর জায়গা থেকে কখনোই ছাড় দেয় না। তটিনীকে নিয়ে এটা বলতে পারি, ও হাল ছাড়ে না। যতটা ভালো করা যাবে, সেই চেষ্টা সব সময় করে। ওর এই গুণগুলো আমার কাছে দারুণ লাগে।’
তৌসিফের মতো তটিনীও একজনের সঙ্গে জুটি হয়ে আলোচনায় আসতে চান না। যে কারণে তটিনীকে ফারহান আহমেদ জোভান, খায়রুল বাসার, ইয়াশ রোহানসহ অন্যদের সঙ্গে দেখা যায়। ‘গল্প চরিত্র যার সঙ্গে মিলে যায়, তাঁর সঙ্গে কাজ করা হয়,’ বললেন তটিনী। এ সময় জুটি নিয়ে তটিনী বলেন, ‘শুরু থেকেই সবার সঙ্গে অভিনয় করেছি। চাইনি জুটি হিসেবে একজনের সঙ্গে অভিনয় করে যাই। সেভাবে দর্শক আমাকে চিনুক। আর কখনোই কারও ওপর ডিপেনডেন্ট হইনি। কমবেশি সবার সঙ্গে কাজ করেছি। আমার কাছে মনে হয়েছে, জুটি হয়ে কাজ করলে নিজস্বতা হারিয়ে যায়। অন্যের ওপর নির্ভরশীলতা বাড়ে। আমার মনে হয়, সবাই অনেক ভালো সহশিল্পী। সেখানে তৌসিফ ভাইয়াকে সব সময় সার্পোটিভ সহশিল্পী হিসেবে পেয়েছি। তিনি অনেক সিনসিয়ার, কাজের প্রতি যত্নশীল, একসঙ্গে অভিনয়ের জায়গায় আমাদের বোঝাপড়টা দারুণ।’
তৌসিফ জানান, জাহিদ প্রীতমের লিলুয়া নামের একটি নাটকে প্রথমে তাঁরা অভিনয় করেন। ‘নাটকে আমি প্রাইভেট টিউটর। বাসায় পড়াতে যাই। ২০২২ সালের মার্চে নাটকটি প্রকাশ পায়। পরে চার বছরে একটু একটু করে আমরা দর্শকদের কাছে পরিচিতি পেয়েছি। দর্শক চাইলে এভাবেই আমরা কাজ করে যাব।’
এই জুটির এ বছর প্রচার হওয়া বেশির ভাগ নাটকের ভিউ কোটির ওপর। জুটি হিসেবে তাঁদের প্রশংসিত কাজের মধ্যে রয়েছে লাভ সাব, মন বোঝে না, যেখানে প্রেম নাই, মন দিওয়ানা, ছুঁয়ে দিলাম তোমায়, জখম, মন দুনিয়া, নট আ লাভ স্টোরি, চল হারিয়ে যাই, বেশি বলে বুলবুলি। মন দুনিয়া নাটকটি ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। এটি রচনা করেছেন অভ্র মাহমুদ।