‘পাঁচ দিন পর হাসপাতালে ভর্তি, ষষ্ঠ দিনে রিপোর্ট আসে ব্রেন ক্যানসার’
বর্তমানে অসুস্থতাকে অনেকটাই জয় করে সুস্থ হওয়ার পথে অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গত অক্টোবরে শুটিংয়ে ফিরেছেন। এখন চেষ্টা করছেন চিকিৎসার পাশাপাশি অভিনয় করে যেতে। সহকর্মীরাও তাঁকে সাহস দিচ্ছেন। সেই অভিজ্ঞতা জানালেন এই অভিনেত্রী।
দীর্ঘ আট মাস পর গত মাসে হঠাৎ ফেসবুক লাইভে আসেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সেই সময় হাজারো ভক্ত এই অভিনেত্রীকে লাইভে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকেই মন্তব্যে বলেন, অভিনয়ে দেখতে চান। তানিয়া নিজেও ভক্তদের জানান, দ্রুত আবার পর্দায় দেখবেন।
তানিয়ার ফেসবুক লাইভে ভক্তদের বেশ কয়েকটি প্রশ্ন ছিল। তাঁর মধ্যে কেউ জানতে চেয়েছেন, এখন কেমন আছেন। আবার কেউ জানতে চেয়েছেন, ‘কীভাবে তিনি অসুস্থ হলেন’, ‘অসুস্থ হওয়ার আগে কী লক্ষণ ছিল’—এমন অনেক প্রশ্ন। মৌসুমী আক্তার নামের একজন লিখেছেন, ‘আপনি শুটিং করতে গিয়েই অসুস্থ হলেন, আপনার অসুস্থতার কোনো লক্ষণ ছিল না?’
এসব প্রশ্ন নিয়েই এবার কথা হয় তানিয়ার সঙ্গে। কারণ, যেকোনো অসুস্থতার লক্ষণ আগে থেকেই কিছুটা প্রকাশ পেতে শুরু করে, যা তাঁর ভক্তদের জন্য হতে পারে সচেতনতার। তানিয়া বৃষ্টি প্রথম আলোকে বলেন, ‘আমার কোনো লক্ষণ ছিল না। আমি একদমই স্বাভাবিক ছিলাম। কেউ যদি আমার “দাদির আদর” নাটকের ট্রেলার দেখেন, নাটক দেখেন, তাহলে কিছুটা বুঝতে পারবেন। তখন আমার কিছুটা মাথাব্যথা ছিল। সেভাবেই আমি শুটিং করেছি। সচরাচর এমনটা থাকে।’
তবে বেশ কিছু ভুয়া খবরও ছড়িয়ে পড়ে। কারণ, তিনি শুটিং করতে গিয়ে অসুস্থ হননি। তানিয়ার কথা, ‘আমাদের এখানে একটু কিছু হলেই সেটা নানাভাবে ছড়াতে থাকে। আমি শুটিংয়ে অসুস্থ হইনি, টায়ার্ড হয়ে গিয়েছিলাম। কারণ, আমাকে রাত পর্যন্ত শুটিং করতে হয়েছিল। শুটিংয়ের ব্যস্ততার কারণে এমনও হয়েছিল যে দুপুরের খাবার সন্ধ্যায় খেয়েছি। কোনো বিরতি ছিল না। কিছু অনিয়মের কারণে ক্লান্ত ছিলাম। এমনটাও কিন্তু শুটিংয়ে হয়ে থাকে।’
তখনো তানিয়া বুঝতে পারেননি কোনো অসুস্থতার মধ্যে পড়তে যাচ্ছেন। সবকিছু স্বাভাবিক ছিল তানিয়ার। আরও একাধিক নাটকের শিডিউলও দিয়ে রেখেছিলেন। তবে অসুস্থতার লক্ষণ তেমন না থাকলেও পরে তিনি বুঝতে পেরেছিলেন, মাথায় ব্যথার কিছুটা লক্ষণ ছিল। কিন্তু বোঝার উপায় ছিল না। এমনটা শুটিংয়ের পরিশ্রম ও মানসিক চাপে অনেক সময়ই হয়।
তানিয়া বৃষ্টি বলেন, ‘টানা শুটিং করছি। চার দিন শুটিংয়ে কিছুটা মাথাব্যথা ছিল। এই ব্যথা আসে–যায় টাইপের। আমিও অতটা গুরুত্ব দিইনি। পরে ব্যথাটা আরও বাড়তে থাকে। পঞ্চম দিন সকালে অনেক ব্যথা হয়। সেই সঙ্গে বমি হতে থাকে। সেদিনই আমি হাসপাতালে ভর্তি হই। চিকিৎসক বেশ কিছু পরীক্ষা–নিরীক্ষা দেন। ষষ্ঠ দিনে জানতে পারি, আমার ব্রেন ক্যানসার। তার আগে আমি একদম ভালো, শুটিং করছি। কী থেকে কী হয়ে গেল। পাঁচ দিন পর হাসপাতালে ভর্তি, ষষ্ঠ দিনে রিপোর্ট আসে ব্রেন ক্যানসার।’
তারপরই দ্রুত চিকিৎসা শুরু করেন এই অভিনেত্রী। দেশের পর ভারতেও তিনি সার্জারি করান। দীর্ঘ চিকিৎসায় এখন তিনি অনেকটাই সুস্থ জীবনে ফিরছেন। ফিরেছেন শুটিংয়ে। ‘আমি চাই, এখন সবাই আমার কাজ নিয়ে আগের মতো কথা বলুক। আমি কাজ করছি, সেটাই জানুক। আর কারও যেকোনো শারীরিক সমস্যা দেখা দিলে অবশ্যই দ্রুত চিকিৎসা নেওয়া উচিত।’
এখনো প্রতি মাসের শুরুতে কেমোথেরাপি নিতে হয় এই অভিনেত্রীকে। এর মধ্যে নিয়মিত শুটিং করতে পারবেন কি না জানতে চাইলে তানিয়া বলেন, ‘এটা এখনো বলতে পারছি না। আমি নিজেও নিয়মিত শুটিং করতে চাই না। আরও দুই মাস কেমোথেরাপি নিতে হবে। এ সময় হয়তো প্রতি মাসে দুই–একটা কাজ করব। আর কেমো শেষ হলে আমি বাসা থেকে বের হতে চাই। তখন আমাকে আরও বেশি সতর্ক থাকতে হবে। কারণ, আমি চাই না টিউমার আবার দেখা দিক। যে কারণে চিকিৎসকের পরামর্শ নিয়ে চলতে হবে।’
মিডিয়া অঙ্গনে এক যুগের ক্যারিয়ার তানিয়ার। এর মধ্যে দীর্ঘ বিরতির পর গত মাসে ক্যামেরার সামনে দাঁড়ানো তাঁকে ক্যারিয়ারের শুরুতে নিয়ে গেল। তাঁকে ইমোশনাল করে দেয় এই ফেরা। তানিয়া বলেন, ‘আমি যখন প্রথম শুটিং করি, যখন আমি একদমই নতুন, অভিনয়ের কিছুই জানি না, শুধু প্যাশন আছে। সেই জায়গাটায় এবার চলে আসি। মনে হলো, নতুন করে আমার জন্ম হয়েছে। টিমের সবাই আমাকে সহায়তা করেছেন। সবার কাছে কৃতজ্ঞ। আমি সবার কাছে দোয়া চাই।’
গত ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা–নিরীক্ষার পর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচার করে টিউমার অপসারণও করা হয়। পরে চেন্নাইয়ে গিয়ে আবার সার্জারি করাতে হয়। আরও দুই মাস তাঁকে কেমোথেরাপি নিতে হবে।