বিরতির পর যেভাবে ফিরছেন অপূর্ব-নীহা জুটি

বিরতির পর ফিরছেন অপূর্ব-নীহা জুটি
ছবি: পরিচালকের সৌজন্যে

জনপ্রিয় সব নাটক উপহার দিয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা জুটি। ২০২৫ সালের শুরুর দিকে জাকারিয়া সৌখিনের ‘মনদুয়ারী’ নাটক দিয়ে তাঁদের পথচলা শুরু। এখন পর্যন্ত নাটকটি দেখা হয়েছে চার কোটির বেশিবার। এই জুটি একে একে করেছেন ‘মেঘবালিকা’, ‘ঘ্রাণ’, অচেনা আমি ইত্যাদি নাটক। তাঁদের সব নাটকের ভিউই কোটির ওপরে। জুটি হিসেবে এমন সাফল্য খুবই কম। দর্শকচাহিদা থাকলেও গত মার্চের পর আর এই জুটির কোনো নাটকের শুটিংয়ের খবর শোনা যায়নি।

জানা যায়, ঈদুল ফিতরের পর দুজনই পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। পরিবারকে সময় দিতে দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে ছিলেন অপূর্ব, অন্যদিকে নাজনীন নীহাও পরিবারকে সময় দিচ্ছিলেন। এর মধ্যে ফেসবুকে এক পোস্টে ‘এনগেজড’ হওয়ার কথা জানিয়েছেন নীহা। এ বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারেন। ফলে দুজনের কাউকেই অভিনয়ে পাওয়া যায়নি।

পরিচালক এসআর মজুমদারের সঙ্গে নীহা ও অপূর্ব

বিরতি শেষে আবার ফিরছেন দর্শকদের পছন্দের এই জুটি। এসআর মজুমদার রচিত ও পরিচালিত নাটকটির নাম এখনো ঠিক হয়নি। আগস্টের শেষ থেকে নাটকের শুটিং শুরু হয়েছে। সব মিলিয়ে ১২ দিনের মতো শুটিং হবে। পরিচালক জানান, কক্সবাজারের কিছু অংশের শুটিং শেষ হয়েছে। এবার ঢাকায় শুটিং শুরু হবে।

এসআর মজুমদার গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘অপূর্ব ভাইয়ের সঙ্গে এটা আমার ২৪তম কাজ। তবে অপূর্ব ও নীহা জুটিকে নিয়ে প্রথম শুটিং। আমি সব সময় অপূর্ব ভাইয়ের কাছে সহযোগিতা পেয়েছি। তিনি যেমন দুর্দান্ত ভালো অভিনেতা, তেমনি ভালো মানুষ। কাজে নানাভাবে যুক্ত থেকে সহযোগিতা করেন।’

জিয়াউল ফারুক অপূর্ব
ছবি: ফেসবুক থেকে

পরিচালক এ সময় আরও বলেন, ‘অন্যদিকে নীহার সঙ্গে আমার প্রথম কাজ হলো। ভালো কিছু করার চেষ্টা তাঁর মধ্যে রয়েছে। মনে হচ্ছে, দর্শক এই জুটির মধ্যে এবার নতুন কিছু পাবেন। সেভাবেই আমরা দীর্ঘ সময় নিয়ে প্রি–প্রোডাকশনের কাজ করেছি, এখন শুটিং করছি। সময় নিয়ে পোস্টের কাজ করব। এটা দর্শকেরা পছন্দ করবেন।’
পরিচালক জানান, সময় ও সম্পর্কের গল্প নিয়ে নাটক। যেখানে পরিবারে অন্য দশজনের মতোই ভুল–বোঝাবুঝি ঘিরে মান–অভিমানের শুরু। দীর্ঘদিন পর একসময় সেই ভুল ঘিরেই তৈরি হয় রহস্য। ‘জীবনে কিছু ভুল একবার করলে আর ফেরার পথ থাকে না। তেমনি ভিন্ন এক সম্পর্কের গল্প আমরা তুলে ধরেছি। অপূর্ব ও নীহাকে এখানে স্বামী–স্ত্রী চরিত্রে দেখা যাবে, বললেন মজুমদার।

আরও পড়ুন

প্রায় দুই ঘণ্টা দৈর্ঘ্যের এই নাটকে অতিথি চরিত্রে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর। সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে। তবে কবে, তা এখনো ঠিক হয়নি। এ ছাড়া এই জুটিকে আরও দুটি নতুন নাটকে দেখা যাবে।

অভিনেত্রী নাজনীন নীহা। ছবি: শিল্পীর সৌজন্যে